ওবামার হুমকিদাতা গ্রেপ্তার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। আজ বুধবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ওয়াশিংটনে গোয়েন্দা সংস্থার মুখপাত্র ব্রায়ান লিয়ারি বলেন, ৩১ বছর বয়সী অ্যানটন ক্যালুরিকে সিয়াটলের শহরতলির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ওবামাকে হুমকি ও কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আজ স্থানীয় সময় দুপুর দুইটায় কেন্দ্রীয় আদালতে হাজির করা হবে।যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়ের মুখপাত্র এমিলি লেংলি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ই-মেইল ঠিকানায় পাঠানো এক বার্তায় এ হুমকি দেওয়া হয়।তবে এই হুমকি কী ধরনের ছিল, তা বলতে তিনি রাজি না হলেও ফেডারেল ওয়ে পুলিশের মুখপাত্র ক্যাথি শরক মনে করেন ওবামাকে হত্যার হুমকি দেওয়া হয়।ক্যাথি বলেন, গোয়েন্দা পুলিশের একজন এজেন্ট ও ফেডারেল ওয়ে পুলিশের কর্মকর্তা প্যানথার রিজ অ্যাপার্টমেন্টে তাঁকে গ্রেপ্তার করতে যান। তিন মিনিট ধরে দরজায় টোকা দেওয়ার পর এক ব্যক্তি শটগান হাতে ঘরের দরজা খোলেন। তবে কাউকে তিনি আঘাত করার আগেই ওই দুই কর্মকর্তা শটগানটি কেড়ে নেন। একই সঙ্গে তাঁর গোড়ালির কাছে একটি খাপে থাকা আগ্নেয়াস্ত্রও জব্দ করে পুলিশ।