ওবামায় আস্থা মার্কিনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন বারাক ওবামা। দেশের দুই শতাব্দীর বেশি সময়ের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে প্রবেশ করেছিলেন হোয়াইট হাউসে। এবার সেই সাফল্যের রেকর্ডকে তিনি যেন নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। কারণ, মন্দায় বিপর্যস্ত অর্থনীতি, নৈরাশ্যজনক বেকারত্বের ছায়া আর শেষ মুহূর্তে জ্বলে ওঠা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর কঠিন বাধা পেরিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জনগণের রায় পেয়েছেন তিনি। মার্কিন ভোটাররা তাঁর ওপর আস্থা রেখেছেন।সমীহজাগানো ব্যবধানে রিপাবলিকান চ্যালেঞ্জারকে হারিয়েছেন বারাক ওবামা। প্রেসিডেন্ট নির্বাচনের ৫৩৮টি ইলেকটোরাল কলেজ (নির্বাচকমণ্ডলী) ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৩০৩টি। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট। ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬ ভোট। ২৯ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য ফ্লোরিডায় ভোট গণনা স্থগিত রয়েছে। তবে তা জয়-পরাজয়ে কোনো প্রভাব ফেলবে না।তবে দুই প্রার্থীর ইলেকটোরাল কলেজ ভোটের পার্থক্য (৯৭) কিন্তু জনসমর্থন আদায়ের ক্ষেত্রে প্রকৃত লড়াইয়ের আভাস দিচ্ছে না। সে ছবি পাওয়া যাবে ‘পপুলার’ অর্থাৎ সাধারণ জনগণের ভোটের হিসাব থেকে। সাধারণ ভোটারদের ৫০ শতাংশের ভোট পেয়েছেন ওবামা। রমনি পেয়েছেন তাঁর চেয়ে মাত্র ২ শতাংশ কম অর্থাৎ ৪৮ শতাংশ। নির্বাচনের কিছুদিন আগে থেকে শেষ পর্যন্ত চলা জনমত জরিপে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে তার সঙ্গেও মেলে না এই ফল। এবারের নির্বাচনকে বলা হয়েছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনগুলোর একটি।সমর্থকদের উল্লাস: ওবামার জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উল্লাস শুরু করেন তাঁর সমর্থকেরা। রাজপথে গাড়িতে ভেঁপু বাজিয়ে, নানা স্লোগান দিয়ে তাঁরা অভিনন্দন জানান ওবামাকে। ওবামার জয়ে হিস্পানিক, এশীয়সহ বিভিন্ন অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের উচ্ছ্বাসই বেশি চোখে পড়ে। তবে শ্বেতাঙ্গ সমর্থকেরাও সংখ্যায় খুব কম ছিলেন না। সবচেয়ে বড় বিজয় উৎসব হয় ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয়। এ নগরেই ছিল ওবামার প্রচারণার সদর দপ্তর। জয়লাভের পর এখানেই সমর্থকদের উদ্দেশে প্রথম বক্তৃতা করেন ওবামা। এ সময় হাজারো সমর্থক নেচে-গেয়ে নানা স্লোগান দিয়ে বিজয় উদ্যাপন করেন। ওবামার জয়ের উৎসব ছুঁয়ে যায় হোয়াইট হাউসকেও। ওহাইও ও আইওয়া অঙ্গরাজ্যে জয়লাভের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে যান ওবামা। সেই মুহূর্তে হোয়াইট হাউসে বিজয় উল্লাস শুরু হয়। স্লোগান ওঠে, ‘ওবামা... ওবামা... আরও চার বছর’।ওবামার প্রথম বার্তা: আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজের মাধ্যমে পুনর্নির্বাচিত হওয়ার খবর প্রচারের প্রায় সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে বার্তা পাঠিয়ে সমর্থকদের ধন্যবাদ জানান ওবামা। তাঁর প্রথম বার্তা ছিল, ‘আরও চার বছর।’ পরে শিকাগোয় প্রথম বিজয় ভাষণে সমর্থকদের উদ্দেশে ওবামা বলেন, ‘আপনারা মনে করিয়ে দিলেন, আমাদের পথ কঠিন এবং যাত্রা দীর্ঘ হলেও আমরা সামলে নিয়েছি। আমরা লড়াই করে ফিরে এসেছি।’ রমনির অভিনন্দন: পরাজয় স্বীকার করে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রমনি। পরাজয়ের পর বোস্টনে সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় রমনি বলেন, ‘আমি তাঁদের সবাইকে, বিশেষ করে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাঁদের কন্যাদের অভিনন্দন জানাচ্ছি। এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জের সময়। আমি প্রার্থনা করছি যেন জাতিকে দিকনির্দেশনা দিয়ে প্রেসিডেন্ট এই চ্যালেঞ্জে জয়ী হন।’ রমনির শুভকামনার জবাবে ওবামা বলেন, ‘রমনি ও তাঁর পরিবার জনসেবার মাধ্যমে মার্কিন জনগণের জন্য কাজ করতে পছন্দ করেন। আমরা তাঁদের এই সেবামূলক মানসিকতাকে অভিনন্দন জানাই।’ দোদুল্যমান অঙ্গরাজ্যেই বাজিমাত: দোদুল্যমান ১১টি অঙ্গরাজ্যের মধ্যে নয়টিতেই জিতে বাজিমাত করেছেন ওবামা। তিনি জয় পেয়েছেন কলোরাডো, আইওয়া, মিশিগান, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে। শুধু নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছেনরমনি। দোদুল্যমান অন্য অঙ্গরাজ্য ফ্লোরিডায় ভোট গণনা স্থগিত রয়েছে। এখানে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন ওবামা। রমনি তাঁর নিজের অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসেও জয় পাননি। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসের গভর্নরের দায়িত্ব পালন করেন রমনি। শুধু ম্যাসাচুসেটসে নয়, রমনির জন্মস্থান মিশিগানেও জয় পেয়েছেন ওবামা। মিশিগানের গভর্নর ছিলেন রমনির বাবা জর্জ ডব্লিউ রমনি। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর বাইরে এই দুই অঙ্গরাজ্যে ওবামার জয়কে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।তুলনামূলক চিত্র: সিএনএনের বুথফেরত জনমত জরিপে দেখা যায়, পুরুষ ভোটারদের ৫২ শতাংশ সমর্থন গেছে রমনির পক্ষে। ওবামা পেয়েছেন ৪৫ শতাংশ। নারীদের ক্ষেত্রে অবশ্য এগিয়ে আছেন ওবামা। তিনি নারীদের ৫৫ শতাংশ ভোট পেয়েছেন। আর রমনি পেয়েছেন ৪৪ শতাংশ।তরুণ ভোটারদের সমর্থনও ওবামার পক্ষে গেছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৬০ শতাংশের ভোট পেয়েছেন ওবামা। রমনি পান ৩৭ শতাংশ। শ্বেতাঙ্গদের ভোট অবশ্য বেশির ভাগই গেছে রমনির পক্ষে। শ্বেতাঙ্গ ৫৯ শতাংশের ভোট পেয়েছেন রমনি। ওবামা পেয়েছেন ৩৯ শতাংশ।এ ছাড়া আফ্রিকান বংশোদ্ভূতদের ৯৩ শতাংশের এবং স্পেনীয়ভাষী হিস্পানিক বা লাতিনোদের ৭১ শতাংশ ভোট পেয়েছেন ওবামা।কংগ্রেসে তেমন রদবদল নেই: প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে নিয়ম অনুযায়ী এক-তৃতীয়াংশ সিনেট আসন ও প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবগুলোতেই ভোটগ্রহণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০০ আসনের সিনেটে ৫২টি আসন পেয়ে এর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের পক্ষে রয়েছে ৪৪টি আসন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণই থাকছে। এর ২৩২টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের পক্ষে গেছে ১৯০টি।ওহাইও এবারও বিজয়ী: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১৯৬০ সালের পর থেকে ওহাইওতে হেরে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ১৮ ইলেকটোরাল কলেজ ভোটের এই অঙ্গরাজ্যে জয়ী হয়েই দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করছেন ওবামা। এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস, সিএনএন।