ওবায়দুল করিমের মামলা বাতিলের রায় স্থগিত
কাজ পেতে ঘুষ দেওয়ার অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে করা মামলা বাতিলের হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচজন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এর আগে মামলা বাতিল চেয়ে ওবায়দুল করিমের করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট তা বাতিল ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) লিভ টু আপিল করে। আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর ওবায়দুল করিমের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও আইনজীবী আহসানুল করিম। পরে খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন। ফলে এখন নিম্ন আদালতে ওবায়দুল করিমের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। সূত্র জানায়, ২০০৭ সালের ৫ জুন ধানমন্ডি থানায় একটি মামলা করে পুলিশ। এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় একই বছরের ১২ নভেম্বর দুদক পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে বলা হয়, ওবায়দুল করিম যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে হারিছ চৌধুরীকে একটি গাড়ি দেন। ওই গাড়িটি সাংসদের শুল্কমুক্ত কোটায় আশরাফ হোসেন আমদানি করেছিলেন। তবে ওবায়দুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ আগস্ট হাইকোর্ট রুল জারি ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর মামলা বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।