ওভারটেক করতে গিয়ে বাস খাদে
রাজধানীর ডেমরা কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পাশের খালে পড়ে গেছে যাত্রাবাড়ী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।যাত্রীরা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও চালক পালিয়ে গেছেন। বাসটি ডেমরা থেকে টঙ্গী যাচ্ছিল।যাত্রাবাড়ী ফায়ার সার্ভিসের ডেমরা ইউনিটের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, সকাল সাতটা ৪০ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। বাসটি ডিএনডি বাঁধের দেয়াল ভেঙে খালে পড়ে গিয়ে এক-তৃতীয়াংশ ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত কয়েকজন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, মূলত বাসচালকদের মধ্যে প্রতিযোগিতাই এ দুর্ঘটনার কারণ।তন্নী নামের এক যাত্রী জানান, এ সময়টা অফিসগামী মানুষ এবং গার্মেন্টস কর্মীদের চাপ অনেক বেশি থাকে। তাই কে কার আগে যাত্রীদের বাসে তুলবে, কে কার আগে যাবে—এ নিয়ে বাসচালকদের মধ্যে প্রতিযোগিতা চলে।