ওমর পাটেকের সঙ্গে কখনোই দেখা হয়নি লাদেনের
২০০২ সালে বালি দ্বীপে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ওমর পাটেকের সঙ্গে কখনোই আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের দেখা হয়নি। যদিও দুজনই পাকিস্তানেই ছিলেন।পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় লাদেনকে হত্যা করা হয়। সেই অ্যাবোটাবাদ থেকেই ২০১১ সালের জানুয়ারি মাসে ওমরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ওমরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে—এমন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। সেখানে ওমরকে বলতে দেখা যায়, একই সময়ে অ্যাবোটাবাদে তাঁর ও লাদেনের উপস্থিত থাকার বিষয়টি ছিল কাকতালীয়।ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ওই হামলায় ৮৮ জন অস্ট্রেলীয়সহ মোট ২০২ পর্যটক নিহত হন।বর্তমানে জাকার্তায় ওমর পাটেকের বিচার চলছে। হত্যার মূল পরিকল্পনা, বোমা তৈরি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগসহ ওমরের বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের কয়েকটিরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।৪৫ বছর বয়সী ওমর আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নিষিদ্ধ জেমাহ ইসলামিয়া সংগঠনের সদস্য।বিবাদী পক্ষের আইনজীবী আসলুদ্দিন হাতজানি বলেন, ওমর তাঁর পরিকল্পনার অনুযায়ী আফগানিস্তানে যাওয়ার অংশ হিসেবে পাকিস্তানে যান। ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না।আজ ওমরের আইনজীবী তাঁর বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন, ওমর এ হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন না।গত সপ্তাহে এ বিচারকাজ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আগামী মে বা জুন মাসে বিচার শেষ হতে পারে।নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, অ্যাবোটাবাদ থেকে তাঁর ধরা পড়ার বিষয়টি মোটেই কাকতালীয় নয়। তবে ওসামা এবং ওমর সাক্ষাত্ করেছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।ইন্দোনেশিয়ার কৌঁসুলিরা জানান, তাঁরা ওমরের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাইবেন। কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, ওমরের অপরাধ প্রমাণিত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।বিবিসির খবরে বলা হয়, বালিতে হামলার ঘটনার পর ওমর ফিলিপাইনে পালিয়ে যান। সেখান থেকে তিনি আফগানিস্তানে যাওয়ার উদ্দেশে ফিলিপাইনের বিদ্রোহী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টে যোগ দেন।