ওমর ফারুক প্রতিবেদন বানিয়ে স্বাক্ষর দিতে বাধ্য করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত কমিটির সদস্যসচিব হওয়া সত্ত্বেও পুলিশের তৎকালীন বিশেষ শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলামের কাছে কোনো নথিপত্র রাখতে দেওয়া হয়নি। কমিটির প্রধান তখনকার স্বরাষ্ট্রসচিব মুহাম্মাদ ওমর ফারুক নিজেই তদন্ত প্রতিবেদন তৈরি করে সদস্যদের স্বাক্ষর দিতে বাধ্য করেন।১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব শামসুল ইসলাম গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ তথ্য দেন। মহানগর হাকিম ওসমান গণি গতকাল বেলা আড়াইটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত শামসুল ইসলামের এই জবানবন্দি নথিভুক্ত করেন।এর আগে গতকাল সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইনামুল হক ভূঁইয়া ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় আরও ৬০ দিন বাড়ানোর আদেশ দেন। এ নিয়ে অধিকতর তদন্তের সময়সীমা নবম দফা বাড়ানো হলো।জবানবন্দি: সাবেক ডিআইজি শামসুল ইসলাম জবানবন্দিতে বলেন, ‘আমি ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত ঘটনা উদ্ঘাটনের জন্য গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব ছিলাম। তবে তদন্তের কোনো কাগজপত্র ও নথি আমাকে দেওয়া হয়নি। তদন্ত কমিটির প্রধান তৎকালীন স্বরাষ্ট্রসচিবের কাছেই কাগজপত্র ছিল। স্বরাষ্ট্রসচিব প্রতিবেদন তৈরি করে আমাকে স্বাক্ষর দেওয়ার জন্য ডাকেন এবং প্রতিবেদন পাঠ ব্যতিরেকে স্বাক্ষর করতে বাধ্য করেন। পরে শুনেছি, কমিটির অন্য সদস্যরাও আমার মতোই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।’তদন্ত সম্পর্কে শামসুল ইসলাম জবানবন্দিতে বলেন, ‘সে সময়ে স্থানীয় নৌপরিবহন দপ্তরের সহায়তায় সন্দেহজনক জাহাজের গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করি। একই সময়ে ট্রলারের মালিক এবং ট্রাক সিন্ডিকেটের হাফিজুর রহমানকে গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টা নিতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিই। স্থানীয় পুলিশ ভবনে কমিটির বিভিন্ন বৈঠকে আমরা তদন্তের অগ্রগতি পর্যালোচনা করি।’জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেনের জড়িত থাকার ব্যাপারে শামসুল ইসলাম কমিটির অন্য সদস্যদের নিয়ে আলোচনা করেন বলে আদালতকে জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য কমিটির সদস্য ও এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। আমি দায়িত্ব পালন শেষে ঢাকায় ফিরে তৎকালীন বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আবদুল কাইয়ুমকে সব অবহিত করি।’তদন্তের সময় বাড়ল: শুনানিতে অংশ নিয়ে মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ বলেন, জোট সরকারের আমলে এই ঘটনার মূল হোতাদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়। আর তদন্ত কমিটির প্রধান তৎকালীন স্বরাষ্ট্রসচিব পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর কারণ বের করতে হবে। আরও সময় পাওয়া গেলে অনেক অজানা তথ্য বের হয়ে আসবে। প্রভাবশালী লোকদের সম্পৃক্ততার বিষয়টি জানা যাবে। তাঁদের আইনের আওতায় আনা যাবে, যা ঘটনার সুষ্ঠু বিচারের জন্য গুরুত্বপূর্ণ।পিপি কামালউদ্দিন আরও বলেন, জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনাটি ধামাচাপা দিয়ে ওরা থেমে থাকেনি। সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল বিশাল চালানের অস্ত্র আটক করেন। তাই ওই দুই পুলিশ কর্মকর্তাকে দুটি একে-৪৭ রাইফেল দিয়ে ধরিয়ে দেওয়া হয়। এ-সংক্রান্ত দুটি মামলাও বিচারাধীন আছে। শুনানি শেষে মামলার তদন্তের সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর আদেশ দেন বিচারক।