১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে এনএসআই কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রসচিব মুহাম্মাদ ওমর ফারুকও দোষ চাপালেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ওপর। তিনি বলেন, বিষয়টি প্রতিমন্ত্রীর বাধা ও নিষেধাজ্ঞার কারণে তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।গতকাল বৃহস্পতিবার আদালতে দেওয়া সাক্ষ্যে বিএনপির সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র আটক মামলা তদন্তে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও তৎকালীন স্বরাষ্ট্রসচিব মুহাম্মাদ ওমর ফারুক এ কথা বলেন।চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে গতকাল বিকেলে ওমর ফারুক সাক্ষ্য দেন। তাঁকে আগামী ১২ জুন জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গতকাল সকাল থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত আরেক সাক্ষী চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার এস এম সাব্বির আলীকে অসমাপ্ত জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।সাক্ষ্যে ওমর ফারুক বলেন, ২০০৪ সালের ২ এপ্রিল টেলিভিশনের মাধ্যমে তিনি জানতে পারেন, চট্টগ্রামের সিইউএফএল জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওমর ফারুক ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক। সাবেক স্বরাষ্ট্রসচিব বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরাসহ ২০০৪ সালের ৫ এপ্রিল চট্টগ্রামে এসে ঘটনাস্থল পরিদর্শন করি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের, যথা—সিইউএফএল কর্তৃপক্ষ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করি। ওই সময় এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার এ বিষয়ে সংশ্লিষ্টতার কথা বুঝতে পারি এবং ধারণা পাই। কিন্তু সময়ের স্বল্পতা হেতু এই বিষয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত জানা সম্ভব হয়নি।’ ওমর ফারুক বলেন, ‘প্রতিবেদন তৈরির সময় তদন্তে পাওয়া বিভিন্ন বিষয় ও এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অবগত করি। তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন থাকা সত্ত্বেও তা প্রতিমন্ত্রী মহোদয় করতে দেননি।’কাঠগড়ায় ঢোকাতে গেলে আসামিদের হট্টগোল: গতকাল সকালে কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে এজলাসে আসামিদের সঙ্গে পুলিশের হট্টগোল হয়। ১১টা ১০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। এজলাসে প্রবেশের পর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া বাকি আসামিদের কাঠগড়ায় ঢোকানোর উদ্যোগ নেয় পুলিশ। এ সময় আসামিদের মধ্যে মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনিসহ আরও কয়েকজন আসামি পুলিশকে উদ্দেশ করে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন। এ সময় বিচারক এস এম মজিবুর রহমান এজলাসে উপস্থিত ছিলেন না। হট্টগোলের পর আট আসামিকে কাঠগড়ায় ঢোকানো হয়।আগের দিন বুধবার রাষ্ট্রপক্ষের আপত্তির পর সাবেক দুই মন্ত্রী ছাড়া বাকি আট আসামিকে কাঠগড়ায় ঢোকানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক।