ওমর ফারুকের দেশি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর ফারুক ফার্মগেটে দেশি ফল বিক্রি করেন। সারা বছর পেয়ারা বিক্রি করেন। এখন মৌসুমি ফল বরইও বিক্রি করছেন। ফার্মগেটের ফুটপাতেই দোকান তাঁর। প্রতিদিন সকালে কারওয়ান বাজার থেকে পেয়ারা কেনেন ৪০ কেজির মতো।ওমর ফারুক জানান, ওখানে পেয়ারা বিক্রি হয় পাল্লা হিসেবে। প্রতি পাল্লায় থাকে পাঁচ কেজি করে পেয়ারা। এই পেয়ারা আসে রাজশাহী থেকে। প্রতি কেজি পেয়ারার দাম পড়ে ৭০ টাকা। ঢাকার মানুষ ৯০ থেকে ১০০ টাকা দাম চাইলেও কিনে নেয়। পেয়ারার সঙ্গে এক মণ বরইও কেনেন ওমর ফারুক। বড় বড় এ বরইকে বলা হয় ‘আপেল কুল’। এটাও আসে রাজশাহী থেকে। প্রতি কেজি বরই কিনতে পড়ছে ৪০ টাকা, আর বিক্রি করেন ৫০ থেকে ৬০ টাকায়।সকাল আটটায় দোকান খুলে বসেন ওমর ফারুক। বেচাবিক্রি শেষ করে উঠতে উঠতে রাত ১১টা বেজে যায়। ওমর ফারুক বলেন, ‘সকাল আটটার মধ্যে ফারমগেইটে বইসা যাই। প্রথম ৫০ টাকায় কেনা বরই ১০০ টাকা দাম চাই, অনেকেই ১০ টাকা কমে ৯০ টাকায় কিনে নেয়। সকাল সকাল ফল থাকে তাজা। ফল দেখলেই ভালো লাগে। তাই অনেকে দামই করে না, ১০০ টাকা দাম চাইলে সেই দামেই কিন্যা নিয়া যায়। আবার এক পোয়া বরই কিনতে আইসা ৩০ টাকা থেইকা দাম শুরু করে, কিন্তু আমার ৪০ টাকা কইরা কেজি কেনা। তখনই মুখ দিয়া খারাপ কথা ছুটে।’শেষ দিকে আর তেমন একটা বিক্রি হতে চায় না। তখন বাধ্য হয়েই দাম কমিয়ে দিতে হয় ওমর ফারুককে। তিনি বলেন, ‘রাইত ১০টা বাইজ্জা গেলে ৪০ টাহার বড়ই ২০ টাকাতেও বেচি। দিনে খাইয়া-দাইয়া ৩০০-৪০০ টাকা থাকে। পান-সিগারেটের খরচ। পুলিশের চাঁদা, মাস্তানের চাঁদা মিলাইয়া ২০০ টাকা দিতে হয়। নাইলে বইতে দেয় না।’ওমর ফারুক ঢাকায় আছেন প্রায় ১৫ বছর। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের রতনপুর। ৯০ বছরের বৃদ্ধ মা আর ছোট বোন ময়নাকে নিয়ে ওমর ফারুক তেজগাঁও রেলওয়ে কলোনিতে এক রুমের একটা বাসা ভাড়া নিয়ে থাকেন। দুই হাজার ৬০০ টাকা ঘরভাড়া দিতে হয় তাঁকে। ছোট বোন একটা তৈরি পোশাকের কারখানায় চাকরি করে। প্রথম প্রথম ঢাকায় এসে কারওয়ান বাজারে রিকশা-ভ্যান চালিয়েছেন, কুলির কাজও করেছেন। এভাবে কেটে যায় টানা সাত বছর। তারপর টাকা জমিয়ে তা দিয়ে দেশি ফলের ব্যবসায় নেমে পড়েন ওমর ফরুক। সেই ব্যবসার লাভের টাকা থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে গ্রামে জমি কিনেছেন, চারটি গরু কিনে বর্গা দিয়েছেন। সামনের কোরবানির ঈদে সেগুলো বিক্রি করবেন। এক ছেলে, এক মেয়ের বাবা ওমর ফারুক। তিনি জানান, মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে বাসচালক ছিল। মেরুদণ্ডে আঘাত পেয়ে এখন পঙ্গু। কোমরের নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে। প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে সাভারে সিআরপিতে দুই বছর চিকিৎসা করেছিল। বর্তমানে গ্রামের বাড়িতে আছে। ওমর ফারুক বলেন, ‘ডাক্তাররা কয় আস্তে আস্তে ঠিক অইয়া যাইব। আমার পোলাডা কইতরের বাচ্চার মতো দেখতে আছিল। অহন হাড্ডি ছাড়া কিছু নাই।’