ওমর ফারুকের পড়ার দায়িত্ব নিল খুলনা চাঁদেরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা এলাকায় রাস্তার ধারে খালের ওপর মাচায় বসে পড়ালেখা করা ছাত্র ওমর ফারুকের পড়ালেখার সব দায়িত্ব নিয়েছে খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদেরহাট। সংগঠনটি ওমর ফারুকের পড়ালেখার জন্য একটি ঘরও করে দেবে বলে জানিয়েছে। ১ আগস্ট প্রথম আলোর আলোকিত দক্ষিণ পাতায় ওমর ফারুককে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এই খবর পড়ে চাঁদেরহাট সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি সাদিকুল্লাহ খান টেলিফোনে যোগাযোগ করেন। সাদিকুল্লাহ খান জানান, সংগঠনের জেলা সভাপতি নাসিম সাদিকের সঙ্গে পরামর্শ করে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে ওমর ফারুকের মাচা পরিদর্শন করে যাবতীয় ব্যবস্থা নেবেন। তাঁরা পড়ালেখা, পোশাক-পরিচ্ছদ দেবেন এবং পড়ার জন্য একটি ঘর তৈরি করে দেবেন।