ওমরাহ করতে কাল সৌদি আরব যাবেন খালেদা
সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালন করতে কাল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সামিলা রহমান ও নাতনি জাহিয়া রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সচিব এ এস এম সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।বিরোধীদলীয় নেত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া সর্বপ্রথম মদিনা শরিফ যাবেন। সেখানে তিন দিন অবস্থান করে হযরত মুহাম্মদ (সা.)-এর মাজার জেয়ারত করবেন ও মসজিদে নববিতে নামাজ আদায় করবেন। এরপর তিনি ওমরাহ পালন করতে মক্কা যাবেন। আগামী ৯ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।গত জুলাই মাসের প্রথম দিকে সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিরোধীদলীয় নেত্রীকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানান। ইউএনবি