ওমরাহ শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া
ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে আজ শুক্রবার সকাল আটটা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইউএনবি।এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। ৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পর খালেদা জিয়া ১০ আগস্ট মক্কায় ওমরাহ পালন করেন। এ ছাড়া তিনি মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে নামাজ আদায় করেন। ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরা এই সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। ১০ দিনের সফর শেষে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।এর আগে গত ১৫ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব যান।