ওমানে গতকালের বিক্ষোভে নিহত ছয়
ওমানে গতকাল রোববার সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ছয়জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির একটি সরকারি হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানায়। এর আগে গতকাল দুজন নিহত হওয়ার কথা বলা হয়েছিল।ওমানের রাজধানী মাস্কাটের উত্তর-পশ্চিমে সোহার চত্বরে সমবেত বিক্ষোভকারীদের ওপর পুলিশ গতকাল হামলা চালায়। তারা বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আজ সোমবারও সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, বিক্ষোভকারীরা আজ সোহারের শিল্প এলাকার সড়কগুলো অবরোধ করে দিয়েছে। এ ছাড়া তারা একটি সুপার মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছে।মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ওমানেও বেশ কয়েক দিন ধরে রাজনৈতিক সংস্কারে দাবিতে সরকারবিরোধীরা বিক্ষোভ করছে। বিক্ষোভ শুরুর এক সপ্তাহ পর গত শনিবার ওমানের সুলতান কাবুস বিন সাইদ তাঁর মন্ত্রিসভা রদবদল করেন। কিন্তু এর পরও সেখানে বিক্ষোভ থামছে না। তারা আরও বড় পরিসরে রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে।