ওমানে ২২০ যাত্রী ফেলে ভেগেছে বিমানের উড়োজাহাজ
২২০ জন যাত্রীকে ওমানের রাজধানী মাসকাট বিমানবন্দরে ফেলে রেখে চলে গেছে বাংলাদেশ বিমানের ভাড়ায় চালিত একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিমান সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় ঢাকা থেকে ৫০০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাসকাট যায়। ফিরতি ফ্লাইটে সেখান থেকে ২২০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটির ঢাকায় ফেরার কথা ছিল। যাত্রীরা যথারীতি সব আনুষ্ঠানিকতা শেষ করে উড়োজাহাজে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এর মধ্যে উড়োজাহাজটি জ্বালানি নিতে যায়। কিন্তু জ্বালানি ভর্তি করে সেটি আর যাত্রীদের নিতে বোর্ডিং ব্রিজে ফিরে আসেনি। যাত্রীদের বা বিমান কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে উড়োজাহাজাটি ইয়েমেনের রাজধানী সানায় গিয়ে অবতরণ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অপেক্ষমাণ ২২০ যাত্রীকে হোটেলে নিয়ে রাখে। বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদ গত রাতে প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার ঢাকা থেকে একটি ডিসি-১০ উড়োজাহাজ পাঠিয়ে আটকে পড়া যাত্রীদের আনা হবে। বিমানের আরেকটি সূত্র জানায়, পালিয়ে যাওয়া ৭৪৭ উড়োজাহাজটি এক বছরের চুক্তিতে ভাড়ায় আনা হয়েছিল। ২০ সেপ্টেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। সে অনুযায়ী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ উড়োজাহাজ দিয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ফ্লাইট পরিচালনার কথা ছিল। সেভাবেই ফ্লাইট সূচি তৈরি করা হয়। কিন্তু এখন উড়োজাহাজটি চলে যাওয়ায় আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের ফ্লাইট সূচি ঠিক রাখা কঠিন হবে বলেন জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা। বিমানের একটি সূত্র জানায়, বিমান কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ওই উড়োজাহাজকে সব পাওনা আগাম পরিশোধ করে দেয়।