ওয়াশিংটনে ডিসকভারি চ্যানেলে জিম্মি নাটকের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নগরে ডিসকভারি চ্যানেলের সদর দপ্তরে তিন ব্যক্তিকে জিম্মিকারী অস্ত্রধারী সন্ত্রাসীকে গতকাল বুধবার পুলিশ গুলি করে হত্যা করেছে।কর্মকর্তারা ওই ভবনের গোপন ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখতে পান, পুলিশ ওই আবেগপ্রবণ অস্ত্রধারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। একপর্যায়ে অস্ত্রধারী তিন জিম্মির একজনকে গুলি করতে উদ্যত হলে পুলিশ তাঁকে গুলি করে।মন্টগোমারি কাউন্টি পুলিশের প্রধান টম ম্যানজার বলেন, এক জিম্মি সরে গেলে ওই অস্ত্রধারী তাঁকে গুলি করতে উদ্যত হন। তিনি বলেন, অস্ত্রধারী নিহত হয়েছেন এবং জিম্মিরা নিরাপদে আছেন।মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত অস্ত্রধারীর নাম জেমস লি। তিনি ২০০৮ সালে ডিসকভারি চ্যানেলের পরিবেশবিষয়ক ইস্যুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন। ম্যানজার বলেন, ডিসকভারির সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্ব আছে।গতকালের এ ঘটনায় ডিসকভারি চ্যানেলের আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ডিসকভারি ভবনসহ পুরো এলাকা বন্ধ করে দেয়। ওই অস্ত্রধারী ভবনটিতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। ম্যানজার আরও জানিয়েছেন, এ অভিযানে এফবিআই, হোমল্যান্ড নিরাপত্তাকর্মী, কেন্দ্রীয় ও স্থানীয় পুলিশ অংশ নেয়। ওই ভবনে প্রায় এক হাজার ৯০০ কর্মী কাজ করেন। ভবনটি থেকে সব কর্মী এবং তাঁদের সন্তানদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।—রয়টার্স