ওয়াশিংটনে ধেয়ে যাচ্ছে তুষারঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে আঘাত হানার পর পূর্বাঞ্চলে প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে তুষারঝড়। আজ বুধবার ওয়াশিংটনে ঝড়টির আঘাত হানার কথা। এই ঝড়ের কারণে মধ্যপশ্চিমাঞ্চলের রাস্তাঘাটে যানবাহন চলাচল ভেঙে পড়ে এবং বিমানের কয়েক শ ফ্লাইট বাতিল করা হয়। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাওয়ায় ঝড়টির আজ ওহাইও ভ্যালি ও অ্যাপালানশিয়ান পর্বতমালা এবং মধ্য আটলান্টিক মহাসাগরীয় অঙ্গরাজ্যগুলোর ওপর দিয়ে বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত দুই বছরের মধ্যে ওয়াশিংটনে এটি সবচেয়ে বড় ধরনের তুষারঝড় হিসেবে আঘাত হানতে পারে।ওকলাহোমা অঙ্গরাজ্যের নরমান শহরের ঝড় পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়, রাতভর তুষারপাতের ফলে ওয়াশিংটন এলাকায় চার থেকে ছয় ইঞ্চি পুরু বরফ পড়তে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর শিকাগোতে চার থেকে আট ইঞ্চি তুষার পড়তে পারে বলে আশঙ্কা করে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। শিকাগোর বিমান চলাচল দপ্তর জানায়, ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯০০টি ফ্লাইট এবং সাউথইস্ট এয়ারলাইনস শিকাগোর মিডওয়ে বিমানবন্দরের প্রায় ২৫০টি ফ্লাইট বাতিল করেছে।উইসকনসিনের পরিবহন দপ্তর অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুষারে ঢেকে যাওয়া রাস্তাগুলোর একটি তালিকা তৈরি করেছে। তবে কোনো সড়কই বন্ধ করে দেওয়া হয়নি। মিনেসোটা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২১৫টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অঙ্গরাজ্যটির টুইন সিটির কিছু কিছু জায়গায় নয় ইঞ্চি পুরু তুষার পড়ার খবর পাওয়া গেছে।