ওরসের খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত এক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ওরসের তবারক (খিচুড়ি) খেয়ে এক হাজার গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের হজরত দাউদ আলী খন্দকার (রা.) পীর সাহেবের মাজারে বার্ষিক ওরসের খিচুড়ি খেয়ে ভক্তরা (মুরিদ) ডায়রিয়ায় আক্রান্ত হয় বলে জানা যায়। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের চিকিত্সক সাবরিনা শারমিন বলেন, ডায়রিয়ায় আক্রান্ত ২০০ রোগীকে সৈয়দপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। আমাদের দুটি অ্যাম্বুলেন্স ও তিনটি মাইক্রোবাস এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। রিকশাভ্যানে করেও হাসপাতালে রোগী নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, আক্রান্ত এলাকায় চিকিত্সক দল মাঠে নেমেছে। একটি ক্যাম্পও কাজ করছে। আশা করছি পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সরেজমিনে দেখা গেছে, ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। খাবার স্যালাইন ও ওষুধের জন্য আহাজারি করছে আক্রান্তরা। পরিবারের নারী, শিশুসহ আক্রান্তরা ঘন ঘন পাতলা পায়খানা ও বমি করছে। হজরত দাউদ খন্দকারের মাজারে গিয়ে তাঁর উত্তরসূরি (সন্তান) আবদুল মান্নান ও আবদুল বাতেনকে পাওয়া যায়নি। তবে তাঁদের পরিবারের লোকজন জানান, গত ৮০ বছর ধরে পরী সাহেবের ওরস চলছে এখানে। প্রতিবছরই অসংখ্য মুরিদ এখানকার তবারক খেয়ে থাকেন। কোনো দিন এমন ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট এলাকার স্যানিটারি ইন্সপেক্টর ওহিদুল হক জানান, খিচুড়িগুলো পলিথিন ব্যাগে দীর্ঘক্ষণ ছিল বলে এতে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এ জন্যই ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে তার ধারণা । প্রসঙ্গত, গত শনিবার রাতে পীর সাহেবের ওরস অনুষ্ঠিত হয়। ওই ওরসে আশপাশের ১৫ গ্রামের হাজার হাজার ভক্ত মুরিদ সমবেত হয়ে ওয়াজ মাহফিল শোনেন। তাঁদের সবাইকেই গরুর মাংস, আলু ও ডাল দিয়ে তৈরি খিচুড়ি খেতে দেওয়া হয়েছিল।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব প্রথম আলোকে জানান, আক্রান্ত এলাকায় চিকিত্সক দল কাজ করছে। কাজেই উদ্বেগের কিছু নেই।