ওরা খুন করতে এসেছিল, মানুষ লাঠি নিয়ে বেরিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ওরা মানুষ খুন করতে এসেছিল। আর সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে ও মা-বোনেরা ঝাড়ু নিয়ে বেরিয়ে এসেছিল। লজ্জা থাকলে এ সরকার ক্ষমতা ছেড়ে দিত।গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আলাকপুর বালুর মাঠে এক সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন।আসামি ধরতে গেলে গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের সঙ্গে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে দুই জেলায় পাঁচজন নিহত হয়। এ ঘটনার প্রেক্ষাপটে খালেদা জিয়া উপরিউক্ত মন্তব্য করেন।বিরোধীদলীয় নেতা বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। সরকার তাণ্ডব চালাচ্ছে। খুন করছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা এদের কাছে নেই। শিশু থেকে বৃদ্ধ—কেউ এদের হাত থেকে নিরাপদ নয়। এ সরকারের কাছে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা নেই। সরকার খুন, গুম ও লুটপাট করছে। এর বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। এই খুনি সরকারকে এখনই বিদায় করতে হবে। তিনি বলেন, ‘সরকারকে হটাতে সবাইকে বের হয়ে আসতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তাহলে এই জালিমদের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে।’খালেদা জিয়া গতকাল বেলা তিনটা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে পৌঁছান। কিছুক্ষণ বিশ্রাম শেষে তিনি টর্নেডো-দুর্গত এলাকা ফুলবাড়িয়া, চিনাইর, বাসুদেব ও জারুলতলা পরিদর্শন করেন। বাসুদেব ও জারুলতলার দুটি বাড়িতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা দেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সাদেক হোসেন খোকা, শহীদ উদ্দীন চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।খালেদা জিয়া অভিযোগ করেন, দুর্গত এলাকায় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য যাচ্ছে না। সরকার লোক দেখানো সাহায্য করছে। মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। তিনি দুর্গত এলাকায় পর্যাপ্ত সাহায্য, বাড়িঘর তৈরির জন্য টিন ও টাকা দেওয়া এবং পরিবেশ রক্ষায় দ্রুত গাছ লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া এখানকার ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পুনর্নির্মাণে সহায়তা করতে সমাজের বিত্তবান লোকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদে কেবল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, তা নয়; দুর্যোগের সময় আহ্বান জানানো যায়, মানুষ সেখানে আশ্রয় নিতে পারে।২২ মার্চ টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলায় ৩৫ জনের প্রাণহানি ঘটে। আহত হয় কয়েক শ মানুষ। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে খালেদা জিয়ার যাত্রাপথে বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও উৎসুক জনতা সমবেত হয়ে তাঁকে স্বাগত জানায়। ফুলবাড়িয়া নামক স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ছবিসংবলিত গেঞ্জি পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও খালেদা জিয়াকে স্বাগত জানানো হয়।এরপর খালেদা জিয়া আলাকপুর বালুর মাঠে বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। তবে তাঁর এ সমাবেশ হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু কলেজ মাঠে। কিন্তু সেখানে সমাবেশের অনুমতি মেলেনি। এ জন্য সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ ওবায়দুল মুক্তাদিরের সমালোচনা করেন। তিনি এটাকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলে মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ।