ওরা থাকতে চায় ভারতের মাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে সৃষ্টি ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ছিটমহলের বিনিময়ের দাবি উঠেছে। ছিটমহলবাসী চান, তাঁরা যে দেশের ভূখণ্ডে বসবাস করছেন সেই দেশের নাগরিকত্ব। অন্য দেশে ‘পরগাছা’ হিসেবে থাকতে চান না। ভারতের পশ্চিমবঙ্গের ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ছিটমহল বিনিময়ের দাবি তুলেছেন। এ জন্য পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি গঠিত হয়েছে। ছিটমহলবাসী স্বপ্ন দেখছেন, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খুলে যেতে পারে ছিটমহল বিনিময়ের জট। পশ্চিমবঙ্গের কয়েকটি বাংলাদেশি ছিটমহল ঘুরে এসে রিপোর্ট করেছেন আমাদের কলকাতা প্রতিনিধি অমর সাহাচোখে না দেখলে বিশ্বাসই করা যায় না! কী এক দুর্বিষহ জীবন যাপন করছেন ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলবাসী। একটি স্বাধীন দেশের ভেতরে ছোট ছোট দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা আরেকটি দেশের ভূখণ্ড, অভূতপূর্ব দৃশ্যই বটে। বিচ্ছিন্ন এসব ভূখণ্ডই হচ্ছে ছিটমহল। ভারতীয় ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলবাসীরা কেমন আছেন, তা দেখতে সম্প্রতি গিয়েছিলাম পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার থেকে দিনহাটা মহকুমার নাজিরহাটের মশালডাঙ্গায়। এখানেই রয়েছে সবচেয়ে বেশি ছিটমহল। অন্তত ২১টি ছোট ছোট ছিটমহলের অবস্থান। এই ছিটমহলকে বলা হয় গুচ্ছ ছিটমহল। লোকসংখ্যা এখন ৩ হাজার ৮০০। মশালডাঙ্গা থেকে কাছেই বাংলাদেশ সীমান্ত, দীঘরটারি। ওপারে কুড়িগ্রাম। মশালডাঙ্গায় গিয়ে দেখলাম ছিটমহলের বিনিময়ের প্রস্তুতি হিসেবে চলছে জনগণনা। এখানেই শোনা গেল ছিটমহলবাসীর জীবনযন্ত্রণার নানা কথা। উপস্থিত সবার একটাই দাবি, তাঁরা আর পরগাছা হয়ে দুঃসহ জীবনযাপনের ইতি টানতে চান। নাগরিকত্ব চান। অধিকার চান সুস্থভাবে বাঁচার। আপনারা তো বাংলাদেশের বাসিন্দা। থাকছেন ভারতের ভেতরে। এবার কী চান আপনারা? তাদের উত্তর, ‘আমরা ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতেই থেকে যেতে চাই।’ পাশে বসা ছিলেন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জায়দুর রহমান, কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের বিডিও অফিসের কর্মকর্তা সুশেন চন্দ্র দেবনাথ, ভারতের সেন্সাস বিভাগের কর্মকর্তা অপরূপ ব্যানার্জিসহ দুই দেশের আরও কজন কর্মকর্তা। এঁরা এসেছেন এই মশালডাঙ্গার ছিটমহলের লোকগণনা করতে। এদের সামনেই মধ্য মশালডাঙ্গার ছিটমহলবাসীরা জানিয়ে দেন, তাঁরা ভারতীয় ভূখণ্ডেই থাকতে চান। সেই ব্যবস্থাই গ্রহণ করুক দুই দেশ। ছিটমহলের প্রবীণ বাসিন্দা মুহম্মদ তালেব আলী আমার দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়লেন। ‘আমরা কোথায় যাব বলেন তো? কী আমাদের পরিচয়? আমরা জানি, আমরা বাংলাদেশের নাগরিক। অথচ কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। বাংলাদেশ সরকার আমাদের খোঁজও নেয় না। কোনো সাহায্য পাই না আমরা। আমরা তো ভারতের মধ্যে একটি বিচ্ছিন্ন দ্বীপে পড়ে আছি। বেঁচে আছি ভারতের করুণা, দয়া আর সাহায্য নিয়ে। অথচ ভারত সরকারও আমাদের মেনে নেয়নি তাদের দেশের নাগরিক হিসাবে। দেয়নি রেশন কার্ডও। দৈহিক শ্রম আর চাষাবাদ করে বেঁচে আছি আমরা। বংশ পরম্পরায়। নেই আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য কোনো স্কুল-কলেজ। নেই চিকিৎসার জন্য হাসপাতাল। বলুন, কীভাবে আমরা যাব বাংলাদেশে? আমাদের চারদিকে ভারতীয় ভূখণ্ড। আমাদের বাংলাদেশের নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নেই। নেই পাসপোর্ট। বলুন, কীভাবে পার হব সীমান্ত? সীমান্ত এখান থেকে দূরে। ইচ্ছে করলেই তো আর সীমান্ত পার হওয়া যায় না। বলুন কীভাবে বাঁচব আমরা? তাই তো আমরা চাইছি আইনসম্মতভাবে ভারতের নাগরিক হয়ে বাঁচতে। তাই আমরা দাবি করেছি, বিনিময় করা হোক ছিটমহল। আমরা চাই আমাদের এই জীবনযন্ত্রণা থেকে মুক্তি।’ কথা শুনলাম ছিটমহলবাসী তোজাম্মেল হক (৫৫), আবদুল আজিজ (৫০) মকবুল হোসেন (৫৮), মো. বিল্লাল হোসেনের (৪০) মুখ থেকেও। একই কথা বললেন তাঁরাও। জীবনযন্ত্রণার একই ছবি পূর্ব মশালডাঙ্গায়ও। চিন্তেশ্বর বর্মণ, কবিন্দ্র বর্মণ, সুশীল বর্মণ, ননীবালা বর্মণ বললেন, ‘ভারতের ভেতরে বাস করায় এখানকার মানুষজন এখন সত্যিই আমাদের যেমন সাহায্য করে, তেমনই আবার অবজ্ঞাও করতে দ্বিধা করে না। তবু এই অবজ্ঞা আর ওদের ভালোবাসার আঁচলের মধ্যে থেকে আমরা বেঁচে আছি। আমরা জমি ক্রয়-বিক্রয় করতে পারি না। সেটা করতে হলে যেতে হয় বাংলাদেশে। আনতে হয় বাংলাদেশের স্ট্যাম্প। এটা কি সম্ভব? কীভাবে যাব বাংলাদেশে? পাসপোর্ট নেই। চট করে তো সীমান্ত পার হওয়া যাবে না? কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাব? আমাদের ছেলেমেয়েদের ভারতীয় স্কুলে পড়াতে হয় ভুয়া ভারতীয় ঠিকানা দিয়ে। নেই কোনো পরিচয়। তাই বাঁচার জন্য আমাদের ভুয়া ভারতীয় প্রমাণপত্র তৈরি করতে হয়। ওই প্রমাণপত্র দিয়ে আমাদের ছেলেমেয়েদের ভর্তি করাতে হয় স্কুল-কলেজে। তাই তো আমরা এখানে পরগাছা হিসাবে বেঁচে আছি।’ মকবুল হোসেন বলেন, ‘অনেক ছোট ছোট ছিটমহল রয়েছে এখানে। উত্তর মশালডাঙ্গায় একটি ছিট মহল আছে মাত্র ৮২ বিঘা জমি নিয়ে। কামাথ শেওভাগুড়িতে রয়েছে ২৬ বিঘা এবং মধ্যসিট মশালডাঙ্গায় রয়েছে আরও একটি ৩৬ বিঘা জমির ছিটমহল। বলুন, এসব ছোট ছোট ছিটমহলবাসী কীভাবে ভারতের সাহায্য-সহযোগিতা ছাড়া বাঁচবে?’ ক্ষোভ উগরে পড়লো মো. বিল্লাল হোসেনের কণ্ঠে। বললেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসা নিই ভুল ঠিকানা দিয়ে। মিথ্যা পরিচয় দিয়ে। আমাদের এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। স্থানীয় হাতুড়ে ডাক্তারই আমাদের সম্বল। তবে গুরুতর অসুখ হলে আমরা শহরে ছুটে যাই। মিথ্যা পরিচয় দিয়ে সেখানে চিকিৎসা নিই। সত্যি কথা কি, ছিটমহলের বাসিন্দার পরিচয় দিলেই আর কোনো চিকিৎসা হবে না। কারণ, আমরা বাংলাদেশি। তাই আমাদের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা নিতে হয়। আবার আমাদের মা-বোনদের সন্তান ভূমিষ্ঠ করানোর জন্যও আমরা মিথ্যে ভারতীয় ঠিকানা ও নাম দিয়ে হাসপাতালে ভর্তি করাই আমাদের গর্ভবতী মা-বোনদের। এবার বলুন, কীভাবে বেঁচে থাকব আমরা? কোথায় যাব বিচার চাইতে? থানা তো আমাদের মামলা নেয় না। থানা আমাদের জন্য নয়। ঝগড়াঝাঁটি হলে নিজেরা মিটিয়ে নিই। ছিটমহলের অভিভাবকেরাই বিচার করে আমাদের ঝগড়াঝাঁটি মিটিয়ে দেন। আদালতেও আমাদের ঠাঁই নেই। তবে সত্যি কথা হলো, আমরা এখনো বেঁচে আছি এখানকার মানুষজন এবং পঞ্চায়েতের সাহায্য-সহযোগিতা নিয়ে। তারাই আমাদের বন্ধু। বিপদে-আপদে সাহায্য করে। তা না হলে আমরা নিরাপত্তাহীনতার কারণে আর এই ছিটমহলে বেঁচে থাকতে পারতাম না।’ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেলো চাষাবাদ আর শ্রম নির্ভর কাজ করে এখানকার মানুষের জীবন চলে। উৎপাদিত কৃষিজাত পণ্য তাঁরা বিক্রি করেন ভারতীয় বাজারে। এখান থেকেই আবার কেনেন ভারতীয় পণ্য। ছিটমহল নিয়ে আন্দোলনছিটমহলের লোকজনের অভিযোগ দুঃসহ এই যন্ত্রণা নিয়ে এখনো বংশপরম্পরায় তাঁরা বেঁচে আছেন বাংলাদেশের এই বিচ্ছিন্ন দ্বীপে। তাই তো আমরা ছিটমহল বিনিময়ের দাবিতে সোচ্চার হয়েছেন। যোগ দিয়েছেন এই আন্দোলনে। এ বছরই তাঁরা সর্বহারা চিরসাথী সংঘ নামের ক্লাবের মাধ্যমে ছিটমহল বিনিময়ের আন্দোলনে নেমেছেন।প্রসঙ্গতঃ ভারতীয় ভূখণ্ডে রয়েছে ৫১টি বাংলাদেশি ছিটমহল। এই ছিটমহলের অবস্থান পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও কোচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয়নি। কোচবিহার ছিল রাজাশাসিত পৃথক রাজ্য। ১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর কোচবিহারের রাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ কোচবিহারকে ভারত রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করার এক চুক্তিতে আবদ্ধ হন। এরপর ১৯৫০ সালের ১ জানুয়ারি কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে ঘোষণা করা হয়। ভারত স্বাধীন হলেও ছিটমহলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিষয়টি ঝুলে থাকে। বারবার এই ছিটমহলবাসীর নানা সমস্যার কথা তোলা হলেও তৎকালীন পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারও এ ব্যাপারে কোনো যথাযথ সিদ্ধান্ত নেয়নি। সমস্যা সমাধানের লক্ষ্যে পাকিস্তান এবং বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে তিনটি চুক্তি করলেও সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। ফলে ছিটমহলবাসীর মুক্তির একমাত্র পথ ছিটমহল বিনিময়—এই স্লোগান তুলে ছিটমহল বিনিময়ের প্রথম দাবি তোলেন দিনহাটার সাবেক বিধায়ক প্রয়াত দীপক সেনগুপ্ত। তিনিই ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ২০০০ সাল থেকে এই দাবির সমর্থনে গড়ে তোলেন তীব্র আন্দোলন। দীপক সেনগুপ্ত ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ফরোয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন কোচবিহারের সিতাই কেন্দ্রের। এরপর এই আন্দোলনের হাল ধরেন অন্য নেতাদের সঙ্গে দীপক সেনগুপ্তের ছেলে দীপ্তিমান সেনগুপ্ত। তিনি এখন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। যদিও এই ছিটমহল বিনিময় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ফরোয়ার্ড ব্লক নেতা কমল গুহও। তিনিও ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার দিনহাটা কেন্দ্রের ফরোয়ার্ড ব্লকের বিধায়ক। তাঁর ছেলে উদয়ন গুহ এবার বিধানসভার বিধায়ক হয়েছেন ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে। তিনি বলেন, ছিটমহল সমস্যার সমাধানের একমাত্র পথ ছিটমহল বিনিময়। এটা না হলে ছিটমহলবাসীর বাঁচার কোনো পথ খোলা থাকবে না। কারণ, ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহলবাসী ভারতের সাহায্য-সহযোগিতা ছাড়া জীবন অতিবাহিত করতে পারবে না। জনগণনা ঘিরে আনন্দ উৎসবসত্যি কথা কি, ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা এই প্রথম ১৫ জুলাই থেকে তিন দিন ধরে আনন্দ-উৎসবে মেতে উঠে। ভারত বিভাগের পর এই প্রথম ছিট মহলের লোকগণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছিটমহলজুড়ে শুরু হয় আনন্দ-উৎসব। গত ১৫ জুলাই থেকে ভারতীয় ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশের ছিটমহলের লোকগণনা শুরু হয় দুদেশের যৌথ উদ্যোগে। ১৭ জুলাই রোববার সেই লোকগণনা শেষও হয়। এই লোকগণনাকে ঘিরেই আনন্দে মেতে ওঠে ছিটমহলবাসী। ছিটমহলবাসীর স্বপ্ন, এবার ছিটমহল সমস্যার একটা সমাধান হয়ে যাবে। আগামী ৬-৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে যাচ্ছেন। তিনি বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ছিটমহলবাসী মনে করছেন, এই বৈঠকের আলোচনার টেবিলেই হয়তো খুলে যাবে ছিটমহল সমস্যার জট। এটা ভেবেই গোটা ছিটমহলবাসী অকাল হোলি উৎসবে মেতে ওঠেন। তাঁরা মনে করেছেন, গত অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ছিটমহল সমস্যা নিয়ে ভুগছে দুদেশের ছিটমহলবাসী। তাই এবার দুই দেশ যৌথভাবে ছিটমহলের লোকগণনা শুরু করলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন উভয় দেশের ছিটমহলবাসী। এ কারণেই পশ্চিমবঙ্গে কোচবিহার আর জলপাইগুড়ি জেলার অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা পালন করেছেন আনন্দ-উৎসব। চলেছে গানবাজনা ও বাজি ফুটানোর উৎসব। শুধু কি তাই, এবার ছিটমহলে লোকগণনাকারীদের ছিটমহলবাসী বরণ করে নিয়েছে পান-সুপারি আর গামছা উপহার দিয়ে। শুধু তা-ই নয়, বিভিন্ন ছিটমহলে দুদেশের গণনাকারীদের সংবর্ধনা দিয়েছেন তাঁরা— আনন্দ মিছিল করেছেন বিভিন্ন ছিটমহলে। ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ ও মাথাভাঙ্গা মহকুমায় থাকা সব ছিটমহলেই চলছে এই আনন্দ-উৎসব। ভারত বিভাগের এতকাল পরও দুই দেশের এই ছিটমহলের সমস্যার সমাধান হয়নি। নেহেরু-নুন, ইন্দিরা-মুজিব এবং নরসীমা রাও-খালেদা জিয়া ছিটমহল সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিলেও সেই উদ্যোগ বা চুক্তি বাস্তবায়িত হয়নি। এবার ছিটমহলবাসীরা যখন দেখতে পেয়েছেন, জনগণনা, তখনই তাঁরা আশায় বুক বাঁধতে শুরু করেন। তাঁদের বিশ্বাস, এবার মনমোহন-হাসিনার বৈঠকে এ সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। মিলতে পারে কোনো সমাধান সূত্র। তাই লোকগণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ছিটমহলে শুরু হয় আনন্দ-উৎসব।