ওরা দূরের যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্যের সঙ্গে কঠোর সংগ্রাম করে তাঁরা চালিয়ে গিয়েছিলেন পড়াশোনা। এর স্বীকৃতিস্বরূপ ২০০৯-এর এসএসসিতে পেয়েছিলেন জিপিএ-৫।তাঁদের মতো অদম্য মেধাবীদের নিয়ে ওই সময়ে প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে তাঁদের দেওয়া হয়েছিল সংবর্ধনা।সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট পাওয়াদের মধ্যে বাছাই করা অতিদরিদ্র ৪০ জন অদম্য মেধাবীকে উচ্চমাধ্যমিকে ভর্তি ও পড়াশোনার খরচ চালাতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম আলো ট্রাস্ট থেকে। তাঁরা দিয়েছিলেন ভালো ফলের প্রতিশ্রুতি, সেই কথা তাঁরা রেখেছেন।অদম্য মেধাবীদের অনেকেই এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। বাকিরাও করেছেন ভালো ফল। জীবনে তাঁরা যেতে চান বহুদূর। সেসব অদম্য মেধাবীকে নিয়ে এই প্রতিবেদন।গোলাম মোক্তাদির: দুই বছর আগে প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা জানাতে সারা দেশ থেকে শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীকে ঢাকায় আনা হয়েছিল। প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবারের মতো ঢাকায় গিয়ে খুশি আর সংকোচে অনুষ্ঠানস্থলের পেছনের সারিতে বসেছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার হতদরিদ্র দিনমজুর কিশোর গোলাম মোক্তাদির।পেছনের সারিতে বসলেও মলিন বেশভূষা আর লাজুক চেহারার এ ছেলেটি দৃষ্টি এড়াতে পারেননি প্রথম আলোর প্রতিবেদকের। অনুষ্ঠানের ফাঁকেই প্রতিবেদককে মোক্তাদির শুনিয়েছিলেন তাঁর অভাবী পরিবারের কষ্টগাথা আর দিনমজুরির পাশাপাশি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়ালেখা চালানোর অদম্য সংগ্রামের গল্প।পরদিন মোক্তাদিরের সেই কষ্টের গল্প ছাপা হয়েছিল প্রথম আলোতে। ওই সম্মাননা অনুষ্ঠানে মোক্তাদির কথা দিয়েছিলেন, মন দিয়ে পড়ালেখা চালিয়ে প্রথম আলোর মুখ রাখবেন। সে কথা রেখেছেন তিনি। এবার তিনি ঢাকার উত্তরার ‘লাইট হাউস ক্যারিয়ার কলেজ’ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন।মোক্তাদিরের স্বপ্ন প্রকৌশলী হওয়া। তাঁর মা আনোয়ারা বেগম বলেন, ‘আল্লাহ প্রথম আলোর ভালা করুন। এখন সবার দোয়া আর সহযোগিতা পেলে ছেলেটা আমার ইঞ্জিনিয়ার হতে পারবে।’নূপুর রানী সাহা: মুঠোফোন ধরতেই অপর প্রান্ত থেকে কান্নার শব্দ। কান্না থামার পর বললেন, ‘দাদা, আমাকে চিনেছেন? আমি নূপুর বলছি। আপনাকে দেওয়া কথা আমি রেখেছি, দাদা। আমি জিপিএ-৫ পেয়েছি।’নূপুর রানী সাহা এবার নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে তিনি সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।দরিদ্র মায়ের সন্তান নূপুর শহরের নয়াবাজার মহল্লায় অন্যের জমিতে কোনো রকমে একটি খুপরিঘরে বাস করেন। নূপুরের বাবা বেঁচে নেই। তাঁর লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছিল। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ায় প্রথম আলো। নূপুরের মা বীণা রানী সাহা বলেন, নূপুরের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে।মো. রাসেল হোসেন: ‘প্রথম আলো আমার পাশে এগিয়ে এসেছিল বলেই আবার আমি জিপিএ-৫ পেয়েছি। আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি।’ কথাগুলো বলছিলেন নাটোরের ফল বিক্রেতা সাইফুল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন।এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর প্রথম আলোর পাশাপাশি ঢাকা কমার্স কলেজও রাসেলের সহায়তায় এগিয়ে আসে। কলেজ কর্তৃপক্ষ বিনা বেতনে তাঁর পড়ালেখা ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে। ওই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়ায় বুধবার সন্ধ্যায় নাটোর বন্ধুসভা তাঁকে ফুলেল সংবর্ধনা দেয়।সাবিনা আক্তার: প্রথম আলোর ওই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য মেধাবী সাবিনা আক্তার তাঁর জীবনসংগ্রামের কথা জানিয়ে বলেছিলেন, যত কষ্টই হোক তিনি পড়ালেখা চালিয়ে যাবেন এবং এইচএসসিতেও ভালো ফল করবেন। সাবিনাও তাঁর কথা রেখেছেন। তিনি এবার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।সাবিনার বাবা আবদুল মোতালেব একজন শ্রমিক। দোয়ারাজারের লক্ষ্মীপুর এলাকার জিরারাগাঁওয়ে অন্যের জমিতে একটি খুপরিঘরে থাকেন। সংসারে টানাপোড়েনের কারণে এসএসসি পরীক্ষার আগে সাবিনাকে ঢাকায় পোশাকশ্রমিকের কাজ করতে হয়েছিল।সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন বলেন, ‘প্রথম আলোর সহায়তার পাশাপাশি আমরাও মেয়েটিকে সাধ্যমতো সহায়তা করেছি। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে পড়বে, সেটাই ভাবছি।’রাজু আহমেদ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিনমজুর হাসেম আলীর ছেলে রাজু আহমেদ ২০০৯ সালে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটে চরম অনিশ্চয়তায় পড়েন তিনি। ওই সময় তিনি পাশে পান প্রথম আলোকে। চুয়াডাঙ্গা ছেড়ে রাজু ভর্তি হন ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগে। এবারও সফল তিনি। রাজু আহমেদ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে পড়াশোনা করে দেশের প্রকৌশল খাতে অবদান রাখতে চান।রাজুর বাবা হাসেম আলী বলেন, এসএসসি পাসের পর থেকে প্রথম আলোর অব্যাহত সহায়তা ও সাহস না পেলে রাজুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত।বেবি আকতার: ‘বাবা, সংসার চলানোর মতো ট্যাকা রোজগার করে না বেবির বাপ। তার পরও আপনিকেরে পেপারের সাহায্য লিয়্যা ছলডা হামার দুই বছর পইড়া এ প্লাস পাছে।’এসব কথা বলতে বলতে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন বেবি আকতারের মা আকলিমা বেগম। এইচএসসির ফল প্রকাশের পর বিকেলে বেবির বাড়িতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে।বেবি এবার বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তিনি উপজেলার বোরাই পশ্চিমপাড়ার হোসেন আলীর দ্বিতীয় মেয়ে। মাটির টিনের ছাপড়া দুই ঘরবিশিষ্ট একটি বাড়ি ছাড়া হোসেন আলীর কোনো জমিজমা নেই।মন্টু চন্দ্র বর্মণ: যেখানেই গিয়েছেন, দারিদ্র্য তাঁর পিছু ছাড়েনি। ছোটবেলা থেকেই দেখে এসেছেন অভাব আর অভাব। কিছুই তাঁকে দমাতে পারেনি। মন্টু চন্দ্র বর্মণ এসএসসির মতো এবার এইচএসসিতেও নান্দাইলের মুশুলি স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়ে পুরো গ্রামকে আবার চমকে দিয়েছেন। অধ্যক্ষ মইনুল হোসেন বলেন, তাঁর কলেজ থেকে মন্টু একাই জিপিএ-৫ পেয়েছেন।মন্টু বর্মণের বাড়ি নান্দাইল উপজেলার মুশুলি পাছপাড়া গ্রামে। মাছ ধরে বিক্রি করাই বাবা নারায়ণ চন্দ্র বর্মণের পেশা। মন্টুর ইচ্ছা বিবিএ পড়ার।মো. মনির: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে মনিরের বাড়ি। তাঁর বাবা মো. নাসিরউদ্দীন একজন কৃষক। মাঝেমধ্যে তিনি দর্জির কাজও করেন। মা মনোয়ারা বেগম গৃহিণী। মনিরের পরিবারের কোনো জমি নেই। নেই বসতবাড়ির জন্য ভিটামাটি। তাঁরা থাকেন নানার বাড়িতে।ওই মনির এবার ঢাকা কমার্স কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে (ইংরেজি মাধ্যম) এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তাঁর ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়া। এরপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) পাস করে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম বয়ে আনা।বাবা নাসিরউদ্দীন বলেন, ‘সংসারের অনটনের কারণে আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। তাই ছেলেমেয়েকে যেভাবেই হোক, পড়াশোনা করাচ্ছি।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পান্না বালা, ফরিদপুর; খলিল রহমান, সুনামগঞ্জ; মুক্তার হোসেন, নাটোর; শাহ আলম, চুয়াডাঙ্গা; আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট); এম আর আলম, সৈয়দপুর (নীলফামারী); রমেশ কুমার পার্থ, নান্দাইল (ময়মনসিংহ) ও আনিছুল ইসলাম, দুপচাঁচিয়া (বগুড়া)]