ওরা যখন আলোকচিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম প্রথম আমাদের এলাকার কোনো অনুষ্ঠানে ছবি তুলতে গেলে গ্রামের মানুষজন মেয়ে দেখে নানা ধরনের কথা বলত। কিন্তু আমি সব সময় ভাবতাম, আমি যদি আমার পড়ালেখাটা চালিয়ে যেতে চাই, তাহলে ওদের কথা শুনলে আমার চলবে না। এভাবেই এখন পর্যন্ত ছবি তোলার টাকা দিয়েই চালিয়ে যাচ্ছি আমার পড়াশোনা।’ কথাগুলো বলছিলেন বগুড়ার গাবতলী থানার সুখানপুকুর উপজেলার পারকাঁকড়া গ্রামের মেয়ে রেবেকা আক্তার। দরিদ্র কৃষক পরিবারের সন্তান রেবেকা। স্থানীয় এলাকায় কোনো পারিবারিক অনুষ্ঠান, আলোচনা সভা, জন্মনিবন্ধন অথবা অন্য যেকোনো কাজের জন্য ছবি তোলার প্রয়োজন হলে ডাক পড়ে রেবেকার। আর এভাবেই ছবি তুলে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সৈয়দ আহমেদ আলী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের এই ছাত্রী। রেবেকার সঙ্গে কথা হচ্ছিল গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সেন্টারে। গত ২৩, ২৪ ও ২৫ মে ব্র্যাকের কিশোরীউন্নয়ন কর্মসূচি (এডিপি) রেবেকার মতো অসচ্ছল ও সুবিধাবঞ্চিত আরও ২০ জন কিশোরীকে নিয়ে আয়োজন করে এক আলোকচিত্র কর্মশালার। গত বছরের ডিসেম্বর মাসে ব্র্যাকের কিশোরী উন্নয়ন ক্লাবের বাছাই করা কিশোরীদের নিয়ে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে এডিপি।এডিপির প্রশিক্ষণপ্রাপ্ত ফটোগ্রাফাররা প্রশিক্ষণ দেন। সেখানে প্রশিক্ষণ শেষে বাছাই করা ২০ কিশোরীর হাতে তুলে দেওয়া হয় ডিজিটাল ক্যামেরা। ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (শিক্ষা) রাশিদা পারভীন জানান, এ ক্যামেরাটা শর্ত-সাপেক্ষে তুলে দেওয়া হয় ওদের হাতে। শর্তটা হলো, প্রতি মাসে কিস্তিতে (সুদ ছাড়া) টাকাটা পরিশোধ ধকরতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে ওরা বাড়িতে গিয়ে বসে না থাকে, অন্তত টাকা পরিশোধের কথা চিন্তা করেও নিজেদের কাজে লাগায়। এ কথা ভেবেই টাকা ফেরত নেওয়া হয় বলে জানালেন তিনি।শুধু রেবেকাই নয়, ওর মতো রোজিনা, মিসতাহ, রূপা, মৌসুমী, গোলাপী—ওরাও ছবি তুলে ধরেছে সংসারের হাল। ওরা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মেয়ে। পড়ালেখা তো দূরের কথা, অনেকের পরিবারেই দুবেলা জুটত না দুমুঠো ভাত। অথচ এ ছোট একটি ক্যামেরা বদলে দিয়েছে তাদের জীবনটাকে। ছোটবেলা থেকেই আলোকচিত্রী হওয়ার ইচ্ছে ছিল লালমনিরহাট জেলার দুর্গাপুর গ্রামের মেয়ে মিসতাহ বসুনিয়ার। এখন নিজের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলে সে। এভাবেই ছবি তোলার টাকায় নিজের পড়ালেখা চালিয়ে নিয়ে ভবিষ্যতে দেশসেরা আলোকচিত্রী হওয়ার স্বপ্ন দেখে সে। ক্যামেরা দিয়ে ছবি তোলা দূরের কথা, ক্যামেরা কীভাবে ধরতে হয়, তা-ই জানত না বাগেরহাটের মেয়ে রিনা। অথচ আজ কোন দিকে আলো পড়লে ছবিটা সুন্দর হবে, কোন অ্যাঙ্গেলে মানুষের মুখ ভালো আসে—এগুলো সম্পর্কে দক্ষ হয়েছে রিনা। শুধু সংসারের অভাবকে দূর করেই নয়, চ্যালেঞ্জিং এ কাজটাকে ভবিষ্যতে পেশা হিসেবে নিতে চায় ওরা। এ জন্য এত কষ্টের মধ্যেও প্রাতিষ্ঠানিক পড়ালেখাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে ওরা। শুধু বিভিন্ন অনুষ্ঠান, জন্মনিবন্ধন, পাসপোর্টের ছবিই নয়, এলাকায় কোনো অনৈতিক কর্মকাণ্ড হলে ক্যামেরা হাতে নিয়ে ছুটে যায় ওরা। ‘আমার গ্রামের বাড়িতে এক লোক প্রতিদিনই তাঁর বউকে পেটান। একদিন ক্যামেরা হাতে নিয়ে তাঁদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। হঠাৎ মহিলার চিৎকার শুনতে পাই। তখন তাঁদের বাড়িতে ঢুকে তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলি, মহিলার স্বামী আমার সামনে বিব্রত হয়ে পড়েন। আর আমাকে অনুরোধ করে বলেন যে এই ছবিগুলো যাতে প্রিন্ট না করি। আমিও তাঁকে শর্ত দিই, যদি আপনি আবারও তাঁর গায়ে হাত তোলেন, তাহলেই এই ছবি প্রিন্ট করে পত্রিকা অফিসে পাঠিয়ে দেব। এরপর থেকে ভয়ে লোকটি আর কখনোই তাঁর বউয়ের গায়ে হাত তোলেননি।’ জানায় জামালপুরের শ্রীপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী রুবাইয়া শিমু। এখন থেকেই নিজেকে একজন পেশাদার আলোকচিত্রী হিসেবে তৈরি করছে রংপুরের পায়রাবন্দের মেয়ে রোজিনা বেগম। রোজিনা জানায়, যখন অনেক দূর থেকে ছবি তুলতে খবর দিত, তখন হেঁটে যেতে যেতে অনেক দেরি হতো। কোনো যানবাহন দিয়ে গেলে আবার টাকায় পোষায় না। তাই ছবি তোলার টাকা জমিয়ে একটা সাইকেল কিনে নিয়েছি। এখন যেকোনো জায়গা থেকে ছবি তোলার খবর দিলে সাইকেল নিয়ে ছুটে যাই সেখানে। প্রথম দিকে মানুষ অনেক ধরনের কথা বলত। কিন্তু এখন সেই মানুষগুলোই তাদের ছবি তোলার প্রয়োজন হলে খবর দেয় আমাকে। আর রাস্তা দিয়েই সাইকেল নিয়ে আসতে দেখলে সবাই সম্মান করে বলে, ‘এই যে ফটোগ্রাফার আপায় আইছে।’ জানায় রোজিনা। সিডিএম ভবনের আঙিনায় এই কিশোরীদের তোলা ছবি নিয়ে আয়োজন করা হয়েছে এক আলোকচিত্র প্রদর্শনীর। ওদের সঙ্গে কথা বলতে বলতেই ঘুরে দেখছিলাম ছবিগুলো। বেশির ভাগ ছবির বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে মেয়েদের অবহেলার কথা। জানতে চাই, এ বিষয়টিকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে। এর উত্তরে মানিকগঞ্জের উথলী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী ফাহমিনা খানম বলে, ‘একজন মেয়ে আলোকচিত্রী হিসেবে আমরা মনে করি, সমাজের সর্বস্তরে মেয়েরা যে অবহেলা ও নিপীড়নের শিকার, সেগুলো ছবির মাধ্যমে সবার সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।’ শুধু এখানেই নয়, ছবির মাধ্যমে সারা দেশের মানুষের কথা বলতে চায় ওরা। ‘যখন ভাবি খুব বড় পরিসরে কাজ করার সুযোগ পাব না, তখন খুব কষ্ট হয়। কারণ, পেশাদার আলোকচিত্রী হতে হলে যে ধরনের আর্থিক সচ্ছলতা বা সহযোগিতার প্রয়োজন, এর কোনোটাই আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়, যদি না কেউ আমাদের স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসে।’ কথাগুলো বলছিল দিনাজপুরের মেয়ে গোলাপী।