ওরা ১১ জন
আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার ১০০ বছরে পা দিয়েছে। চারদিকে সাজ সাজ রব। নানা আয়োজন। শত বছরের নারীরা কয়েক কদম এগোল, কতটা থমকে রইল আর কতটাই বা পথ পাড়ি দিতে হবে—এগুলো নিয়ে যখন বিভিন্ন জায়গায় আয়োজন চলছিল, তখন আমরা উপলব্ধি করলাম নারী আলোকচিত্রী হিসেবে আমাদের ভাবনাগুলোকে সামনে আনতে হবে। এই চিন্তা থেকে আমাদের ‘নারী’ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। বলছিলেন আলোকচিত্রী মুনিরা মোরশেদ। ১১ জন নারী আলোকচিত্রীর উদ্যোগে এই প্রদর্শনী চলছে দৃক গ্যালারিতে। ৭ মার্চ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে পাঁচ দিন। আছে গ্যালারির দেয়ালে দেয়ালে ছবি, রঙিন ছবি। আছে সাদা-কালো ছবি। জানালার ধারে বেশ বড় ফ্রেমে বাঁধানো সাদা-কালো ছবিটি দেখলে চোখ আটকে যায়। ছবির পাশে ফুটনোট। নূরুন নাহার বেগম। স্বাধীনতা যুদ্ধের একজন শহীদ জননী। অনেক স্মৃতি ও সুস্থ মন নিয়ে বেঁচে আছেন আজও। তিনি শোকাহত ও গর্বিত একজন নারী। পাশের আরও কয়েকটি ছবি তাঁকে নিয়ে—একটা ছবিতে খোলা জানালায় দাঁড়ানো নূরুন নাহার বেগম, পাশের জানালায় তাঁর প্রাণপ্রিয় নাতি-নাতনিরা। উঠোনের গাছটা পাতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে তাঁর পাশে। ভারি সুন্দর এই ছবির পাশে পেয়ে যাই রোকসানা ইসলামকে। তাঁর ক্যামেরার ফ্রেমেই বাঁধা পড়ে এই শহীদ জননীর ছোট মুহূর্তগুলো। সত্যি কথা বলতে কি, কোনো ধরনের আড়ম্ভর ছাড়াই ছবিগুলো তুলেছি। তিনি কীভাবে আছেন, কীভাবে সময় কাটাচ্ছেন—এগুলো নিয়ে আমি আরও কাজ করব। তাঁর ওপর আসলে কাজটা শুরু করেছি মাত্র। নূরুন নাহার বেগমের সব ছেলেমেয়ে প্রতিষ্ঠিত। তিনি মুক্তিযোদ্ধার মা হিসেবে পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। বলছিলেন আলোকচিত্রী। গ্যালারিতে ঢোকার মুখেই আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা আলোকচিত্রী সাইদা খানমের বেশ কয়েকটি ছবি। প্রথম ছবিটি সেই ১৯৭১ সালের। মুক্তিযুদ্ধে পুরুষদের মতো মেয়েরাও যখন দেশকে মুক্ত করার প্রয়োজন অনুভব করেছিলেন, তখন তাঁরাও কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন। রাইফেল হাতে প্রশিক্ষণের সময় সেই বীর নারীদের ছবি তিনি তুলেছিলেন আজিমপুর মাঠ থেকে। তাঁর সেই প্রিয় ছবিটি আছে এখানে। মাদার তেরেসার ছবিও তুলেছিলেন তিনি। মাদার তেরেসা যখন ঢাকায় আসেন। তখনকার তোলা ছবিটিতে মাদার তেরেসা অসহায় শিশুদের বুকে চেপে ধরে আছেন অশ্রুসিক্ত চোখে, এমন মুহূর্তকে তিনি ফ্রেমে বন্দী করেছিলেন। তসলিমা আক্তারের ছবিগুলো সংগ্রামী নারীদের। ‘ছাত্রজীবন থেকেই রাজনীতি করি, নারী ও শ্রমিকদের নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। গার্মেন্টস শ্রমিকেরা যে ভয়াবহ জীবনযাপন করে এগুলো তুলে ধরতে চেয়েছি। এই ছবি তুলতে গিয়ে ওদের সঙ্গে দিনের পর দিন থেকেছি।’ বলছিলেন তসলিমা আখতার। তাঁর একটি ছবিতে ছোট্ট খুপরির মতো এক ঘরে গার্মেন্টস শ্রমিক নাজমা আক্তারের পরিবারের ১১ জন সদস্য গাদাগাদি করে শুয়ে আছে। একজনের পায়ের কাছে কারও মাথা, কারও মাথার কাছে পেট— এভাবেই প্রতিটি রাত কাটে তাঁদের। আরেকটি ছবিতে মানবিক জীবনের দাবিতে সহকর্মীরা রাস্তায় মিছিল-স্লোগানে মুখর। তখন পাশের কংক্রিটের কারখানায় বন্দী হাজারো শ্রমিক জানালায় দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করছেন। একটু দূরেই কাকলী প্রধানের ছবিতে আছে অসহায় নারীরা। বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ এক নারীর চোখ। যে অপলক চেয়ে থাকে। আছে আসমার ছবি। শূন্য দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। সেই চোখে বেশিক্ষণ চোখ রাখা যায় না। কেন জানি হাহাকার জাগে। সঙ্গে ফুটনোট—একেবারে ঠেকায় পড়ে জীবনটা দিতে চাইলাম, তাও হলো না। ভালোবাসার মূল্য এত কমরে আপা? এত কম! কথাশিল্পী সেলিনা হোসেন প্রদর্শনীর উদ্বোধন করে গেছেন। আস্তেধীরে ভিড় বাড়তে থাকে। কেউ কেউ আসমার ছবিটির সামনে গিয়ে থমকে দাঁড়ায়। মাথা নেড়ে প্রতিবাদ করে—মেয়ে, তুমি বাঁচতে শেখো।