শিবনারায়ণ চন্দরপলকে দিয়ে সংখ্যাটা হলো ১১। ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতির আগে বাংলাদেশে টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন আরও ১০ জন। লিখেছেন মোহাম্মদ সোলায়মান
ওরা ১১ জন
২০০০ সালে টেস্ট মর্যাদা লাভের অনেক আগে থেকেই টেস্ট ক্রিকেটের সঙ্গে ঢাকার গাঁটছড়া। আজ থেকে ৫৭ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের আসর বসে ঢাকায়। ১৯৫৫ সালে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে এ দেশে টেস্ট ক্রিকেটের শুরু। ওই ম্যাচে কোনো সেঞ্চুরি হয়নি। প্রথম সেঞ্চুরি দেখতে অবশ্য ঢাকার দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ওই বছর নভেম্বরেই সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করেছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। সেঞ্চুরি তো হলো, কিন্তু ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষাটা পাকিস্তান আমলে ফুরোয়নি। কাকতালীয়ভাবে প্রথম সেঞ্চুরির মতো ডাবল সেঞ্চুরিটাও এক পাকিস্তানির। সেটাও বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার আগে। ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইজাজ আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে করেন ২১১ রান। সেই শুরু, সর্বশেষ গতকাল শেষ হওয়া ঢাকা টেস্টে শিবনারায়ণ চন্দরপলেরটিসহ এ দেশে ডাবল সেঞ্চুরি হয়েছে ১১টি।এ দেশে টেস্ট শুরুর তিন দশক পর ডাবল সেঞ্চুরি দেখার অপেক্ষার অবসান ঘটে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কার সে টেস্ট ম্যাচটি ছিল ১৯১২ সালের পর নিরপেক্ষ ভেন্যুতে হওয়া প্রথম টেস্ট। একতরফা ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। পাকিস্তানের একমাত্র ইনিংসে শুধু ইজাজ আহমেদ নন, ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ইনজামাম-উল হকও। এই দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৩৫২ রান তোলার পরই চোটের কারণে মাঠের বাইরে চলে যান ১৫৬ রানে অপরাজিত ইনজামাম। এর কিছুক্ষণ পরেই ইজাজ পেয়ে যান ডাবল সেঞ্চুরি। ৫১৯ মিনিট ক্রিজ থেকে ৩৭২ বলে ২১১ রান করেন ইজাজ। পরে ফিরে এসে ঠিক ২০০ রানেই অপরাজিত থাকেন ইনজামাম। দুজনেরই এটা ছিল প্রথম ডাবল সেঞ্চুরি। সে সময় এটি ছিল এক ইনিংসে জোড়া ডাবল সেঞ্চুরির নবম ঘটনা।বাংলাদেশের মাটিতে তৃতীয় ডাবল সেঞ্চুরিটাও এক পাকিস্তানির। তবে সেটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্টে মোহাম্মদ ইউসুফ করেন সে সময়ের ক্যারিয়ার-সেরা অপরাজিত ২০৪ রান। ইউসুফের ২৪৩ বলের ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।এক বছর পর চার নম্বর ডাবল সেঞ্চুরিটি করেন অনেক নাটকের পর টেস্টে অভিষিক্ত জ্যাক রুডলফ (২২২*)। এটিও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। বোটা ডিপেনারের সঙ্গে পুরো দ্বিতীয় দিন ব্যাট করা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুডলফ তৃতীয় দিনে পেরিয়ে যান ২০০ রানের মাইলফলক। ডিপেনারের সঙ্গে অসমাপ্ত তৃতীয় উইকেট জুটিতে ৪২৯ রান তুলেছিলেন রুডলফ, যা এখনো বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। ওই ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের একটা বিশেষ পাতায়ও নিজের নাম লিখে ফেলেছিলেন রুডলফ। তাঁর আগে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র চারজন। তাঁর পরে আর কেউই পারেননি এখনো। এম এ আজিজ স্টেডিয়ামেই ২০০৪ সালের অক্টোবরে ২০২ রান করেন নিউজিল্যান্ডের সে সময়ের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। এই ম্যাচটি খেলেই নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড করেন ফ্লেমিং (৮৭টি)। দেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও কেড়ে নেন মার্টিন ক্রোর কাছ থেকে। ওই বছরের ডিসেম্বরেই শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলতে বেছে নিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। সুনীল গাভাস্কারের রেকর্ড ৩৪ টেস্ট সেঞ্চুরিটাও অনেক দিন ধরে হাতছানি দিচ্ছিল টেন্ডুলকারকে। ৩৩ নম্বর সেঞ্চুরির পর খেলে ফেলেছিলেন ছয় টেস্ট। ঢাকায় ফিফটি পেরোনোর আগেই তিনবার ‘জীবন’ পাওয়া টেন্ডুলকার শেষ পর্যন্ত অপরাজিত ২৪৮ রান করে সর্বোচ্চ সেঞ্চুরির দৌড়ে ছুঁয়ে ফেলেন গাভাস্কারকে।পরের ডাবলটি আসে একেবারেই অপ্রত্যাশিত একজনের ব্যাট থেকে। জেসন গিলেস্পি টেস্টে ডাবল সেঞ্চুরি করবেন—এই চিন্তাটাই ছিল পাগলামি। অথচ সেই গিলেস্পিই কিনা চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিনে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে করে বসলেন হার না মানা ২০১ রান। প্রথম টেস্ট সেঞ্চুরি তো বটেই, প্রথম শ্রেণীর ক্রিকেটেই গিলেস্পির এটা ছিল প্রথম তিন অঙ্কের রান! ২০০৮ সালে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড ৪১৫ রান করার পথে ডাবল সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার নিল ম্যাকেঞ্জি (২২৬) ও অধিনায়ক গ্রায়েম স্মিথ (২৩২)। ম্যাচের প্রথম দিনেই ৪০৫ রান করেছিল প্রোটিয়ারা। ম্যাকেঞ্জির এই একটাই ডাবল সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারে। গত বছর ডিসেম্বরে চতুর্থ পাকিস্তানি হিসেবে বাংলাদেশে ডাবল সেঞ্চুরি করেন ইউনুস খান। ইউনুস ডাবল সেঞ্চুরি পূরণ করার পরপরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মিসবাহ-উল হক। আর চন্দরপলের ২০৩ রানের ইনিংসটির স্মৃতি তো একবারে তাজাই।