‘মাঝেমধ্যেই রুনি বলত—মা, খুন হইছে! ও দৌড়াইত। এখন দেখেন, ওরাই খুন হলো। ওরাই এখন আপনাদের খবর।’ গতকাল শনিবার সকালে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাসার ড্রয়িংরুমে বসে এসব বিলাপ করছিলেন রুনির মা নুরুন্নাহার মির্জা। পাশের কক্ষে তখনো পড়ে রয়েছে ওই দুজনের ক্ষতবিক্ষত মৃতদেহ।গতকাল সকালে মানুষ ঘুম ভেঙেই জেনেছে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর। আগের রাতে সাগর সরওয়ারের দায়িত্ব ছিল মাছরাঙা টেলিভিশনের রাত একটার খবর প্রচারের ব্যবস্থা করা। অথচ ভোর হতেই সারা দিন ধরে সাগর সরওয়ার নিজেই প্রধান খবর হয়ে রইলেন। খবরের কাগজে কাজ করতে গিয়ে জীবনসঙ্গী করেছিলেন সম্প্রচার সাংবাদিকতার পরিচিত মুখ মেহেরুন রুনিকে। খবরের পেছনের এই মানুষটির জীবনও শেষ হলো খবরের শিরোনাম হয়ে।মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর সরওয়ার (গোলাম মুস্তফা সরওয়ার), মেহেরুন রুনি (মেহেরুন নাহার) এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এক যুগেরও বেশি সময় ধরে তাঁরা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/১/২ নম্বর বাড়ির পঞ্চম তলার ভাড়া ফ্ল্যাট থেকে পুলিশ এই দুজনের মৃতদেহ উদ্ধার করে।মৃত্যুর এই খবর অবশ্য প্রথম পেয়েছিলেন রুনির মা নুরুন্নাহার মির্জা। আর খবরটি দেয় ওই সাংবাদিক দম্পতির সাড়ে পাঁচ বছরের ছেলে মাহিন সরওয়ার (মেঘ)। নৃশংস এই হত্যার সময় ঘরেই ছিল সে। সে-ই টেলিফোন করে ওর নানিকে জানায় তার ছোট্ট এই জীবনের সবচেয়ে ভয়ংকর খবরটি।পুলিশ-র্যাবসহ তদন্তকারীরা মনে করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নিহত ব্যক্তিদের পরিচিত বা স্বজনদের কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে গতকাল রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে তাঁদের হত্যা করা হয়। সাগরের শরীরে ২০টির বেশি ছুরিকাঘাতের চিহ্ন, ডান বগলে একটি বাঁটবিহীন ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। রুনির পেটে ছুরিকাঘাতের বড় ক্ষত রয়েছে।সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় গতকাল গণমাধ্যমকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রীও ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ভবনের তিন নিরাপত্তাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত রুনির দুই ভাইকেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় মেহেরুন রুনি তাঁর কর্মস্থল এটিএন বাংলা থেকে বাসায় ফেরেন। রাত দুইটার দিকে ফেরেন সাগর সরওয়ার। সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ছুটে যান সাংবাদিক দম্পতির স্বজন, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীরা। পাঁচ কক্ষের এই বাসায় তিল ধারণের জায়গা ছিল না। দুপুর ১২টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।যেভাবে পড়ে ছিল: শয়নকক্ষের মেঝেতে ছিল থকথকে রক্ত। সেখানে পড়ে রয়েছেন রক্তাক্ত সরওয়ার ও মেহেরুন। সরওয়ারের পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, গা খালি। মেহেরুনের পরনে ছিল ঘরের পোশাক। সাগরের হাত পিছমোড়া করে এবং পা লাল কাপড় দিয়ে বাঁধা, মাথাও ছিল লাল কাপড়ে ঢাকা। ঘরের আসবাব এলোমেলো, আলমারির ড্রয়ারসহ জিনিসপত্র বিছানার ওপর স্তূপ করে রাখা।শয়নকক্ষ ছাড়া বাসার আর কোথাও কোনো রক্তের দাগ ছিল না। জিনিসপত্রও গোছানো। ছোট্ট খাবার টেবিলটিও ছিল পরিপাটি। রান্নাঘরে কেবল একটি ম্যাগি নুডলসের প্যাকেট পড়ে ছিল।নুরুন্নাহার মির্জা প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে মাহিন তাঁকে মুঠোফোনে বলে, ‘মেমি (মা)-বাবা মারা গেছে’। এরপর তিনি ইন্দিরা রোডের বাসা থেকে ছুটে আসেন, দরজা ভেতর থেকে খুলে দেয় মাহিন। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মাহিন বলে, ‘তাদের হাতে পিস্তল ও ছুরি ছিল। আমাকে গুলি করতে চেয়েছিল।’ সে আরও জানায়, দুজন দুর্বৃত্ত প্রথমে তার বাবাকে ও পরে মাকে হত্যা করে।শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন বলেন, শিশুটির সঙ্গে পুলিশ কথা বলেছে। তার কথা অনুযায়ী, সকাল সাতটার সময় ঘুম ভেঙে সে বাসায় দুজনকে দেখেছে। তারা চলে যাওয়ার পর সে দরজাও লাগিয়ে দেয়। এরপর মা-বাবার কক্ষে গিয়ে মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দেখে সে নানিকে ফোন করে। শিশুটি ওই দুজনকে গত শুক্রবার স্কুলের পিকনিকে দেখেছিল বলেও জানিয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, শিশুটি প্রচণ্ড আঘাতে বিপর্যস্ত। বিভিন্ন জনকে দেওয়া তাঁর বক্তব্যের মধ্যে ভিন্নতা পাওয়া গেছে। তবে পিকনিকের ছবি সংগ্রহের চেষ্টা করা হবে।মর্গ সূত্রগুলো জানিয়েছে, নিহত সাগরের শরীরে আঘাতের ধরনগুলো দেখে মনে হয়েছে, খুনি অপেশাদার এবং অন্ধ আক্রোশে এলোপাতাড়ি ছুরি চালিয়েছে। সাগরের শরীরে ২০টির বেশি গভীর ক্ষত ছাড়াও বিভিন্ন ধরনের কাটার দাগ দেখা গেছে। মেহেরুনের পেটে ছুরিকাঘাতে শরীরের অভ্যন্তরের নাড়ির কিছু অংশ বেরিয়েছিল। রক্তনালি কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ দুজনের মৃত্যুর কারণ।ভোরের কান্না: শুক্রবার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পলাশ প্রথম আলোকে বলেন, ভোরবেলা ভবনটির ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মো. নুরুন্নবী ইন্টারকমে তাঁকে বলেন, ‘একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, খুঁজে দেখো।’ এরপর পলাশ হুইসেল বাজিয়ে ভবনের ভেতরে ও আশপাশে খুঁজে কিছু পাননি।মো. নুরুন্নবী প্রথম আলোকে বলেন, ফজরের আজানের সময় তিনি বেশ কিছুক্ষণ ধরে পুরুষ কণ্ঠের চিৎকার ও কান্নার আওয়াজ শুনেছেন। তবে শব্দের উৎস বুঝতে না পেরে নিচতলার নিরাপত্তাকর্মীদের বিষয়টি খুঁজে দেখতে বলেন।ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা: মেহেরুনের মায়ের দাবি, বেশ কিছু স্বর্ণালংকার, টাকা, জার্মান মুদ্রা ডয়েচ মার্ক, ল্যাপটপসহ কিছু জিনিসপত্র খোয়া গেছে। তবে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, ঘরের ভেতর থেকেই ল্যাপটপ, মোবাইল, টাকাসহ মূল্যবান কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ডাকাতি হলে দুর্বৃত্তদের সবই নিয়ে যাওয়ার কথা। সুতরাং এটা যে ডাকাতি বা লুটের কারণে হত্যাকাণ্ড, তা বলা যাচ্ছে না।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, পরিচিতজনেরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। খুনের আলামত দেখে মনে হচ্ছে, খুনিরা অদক্ষ ও অপেশাদার। তারা ঘটনাটি ডাকাতি বলে সাজানোর চেষ্টা করে।খুনি ঢুকল কোন পথে: তদন্তকারী কর্মকর্তারা জানান, ফ্ল্যাটে ঢোকার একমাত্র পথ হলো প্রধান ফটক। ভবনটির চারদিকে দেয়াল ও গ্রিল দিয়ে সুরক্ষিত। বাইরের সীমানা গ্রিলে কোথাও ভাঙা বা কাটা নেই। তবে পাঁচতলায় রান্নাঘরের পাশের জানালার গ্রিলের পাত খুলে বা কেটে সাত-আট ইঞ্চির চওড়া একটা ফুটো করা হয়েছে। তবে সেই ফুটো দিয়ে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের ঢোকা সম্ভব নয়। এ ছাড়া রান্নাঘরের দেয়ালের ওপারে পা দেওয়ার মতো কোনো জায়গা নেই।পুলিশের ধারণা, খুনিকে অবশ্যই প্রধান ফটক দিয়েই ঢুকতে ও বেরোতে হয়েছে। খুনি যে-ই হোক না কেন, নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র খুনিদের দেখেছেন। তাই পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।তবে ভবনের অতিথি নিবন্ধন খাতায় মেহেরুন-সাগরের ফ্ল্যাটে (এ-৪) সর্বশেষ অতিথির নাম লেখা রয়েছে তৌফিক। বিকেল চারটা ৫২ মিনিটে কমলাপুর থেকে আসা তৌফিক ওই ফ্ল্যাটে যায়। তবে খাতায় এ-৪ ফ্ল্যাটের নাম কাটা রয়েছে। নিরাপত্তাকর্মী পলাশ ভোরবেলা একজন আগন্তুককে ভবন থেকে বের হতেও দেখেছেন। গতকাল সন্ধ্যা থেকে নিবন্ধন খাতায় আর কারো নাম লেখাই হয়নি। পলাশ দুই মাস আগে এ কাজে যোগ দেন। পুলিশ ও র্যাব কর্মকর্তাদের ধারণা, খুনি আগে থেকেই ওই বাসায় অতিথি হিসেবে গিয়ে থাকতে পারেন।তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বলেন, মেহেরুনের ভাই নওশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি গতকাল সন্ধ্যার পর তাঁর বোনের বাসায় গেলেও রাতে সেখান থেকে বাসায় ফিরে যান।বিলাপ: ফ্ল্যাটভর্তি স্বজন, বন্ধু, সহকর্মী, হাজারো মানুষ। কেউ কাঁদছেন, কেউ পুরোনো দিনের সুখস্মৃতি হাতড়াচ্ছেন। কেউ বা ক্ষুব্ধ হয়ে উঠছেন বারবার। সাগরের মা সালেহা আক্তার বলেন, ‘আমার সাগরকে ফিরিয়ে দাও, ওকে ছাড়া আমি কেমনে বাঁচব। জার্মানি থেকে তুই কেন ফিরে এলি বাবা।’ সাগরের বোন মঞ্জু আরা বলেন, ‘সাগর কেবলই বলত—আপু, মাকে একটু দেখিস।’ তিনি হত্যাকারীদের খুঁজে গ্রেপ্তারের দাবি জানান।জানাজা ও দাফন: ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সাংবাদিক দম্পতির মৃতদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে মৃতদেহ সাগর সরওয়ারের কর্মস্থল মাছরাঙা টেলিভিশন ভবনের সামনে নেওয়া হয়। বিকেলে তাঁদের তৃতীয় জানাজা হয় কারওয়ান বাজার এটিএন কার্যালয়ের সামনে। পরে সাংবাদিক দম্পতির মৃতদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এতে গণমাধ্যমকর্মীসহ শত শত মানুষ অংশ নেন।সাগর সরওয়ারের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার কাজীরহাটে। তাঁর বাবা সচিবালয়ের সাবেক কর্মকর্তা প্রয়াত মনির হোসেন। চার বোন এক ভাইয়ের মধ্যে সাগর দ্বিতীয়। মেহেরুন রুনির গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারীর মির্জাপুরে। তাঁর বাবা মৃত আইনুল হক। তিন ভাই ও এক বোনের মধ্যে রুনি দ্বিতীয়। সাগর সরওয়ার ভোরের কাগজ, সংবাদ, ইত্তেফাক ও যুগান্তর-এ সাংবাদিকতার পর ২০০৮ সালে জার্মানিতে ডয়েচে ভেলে রেডিওতে কাজ করতে যান। দুই বছর জার্মানিতে থাকার পর ২০১০ সালে দেশে ফিরে এসে মাছরাঙা টেলিভিশনে যোগ দেন। আর রুনি কাজ করতেন এটিএন বাংলায়।