ওলামা মাশায়েখ পরিষদের আবারও হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও হরতাল ডাকার হুমকি দিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সরকার তাঁদের দাবি মানার অঙ্গীকার করলেও এখন প্রতারণা করার চেষ্টা করছে। এমনটি হলে তার পরিণাম শুভ হবে না। আজ শুক্রবার মুক্তাঙ্গনে এক সমাবেশে ওলামা মাশায়েখ পরিষদের নেতারা এই হুমকি দেন। জুমার নামাজের পর ওলামা মাশায়েখ পরিষদের নেতা-কর্মীরা একে একে মুক্তাঙ্গনে উপস্থিত হতে শুরু করেন। জুমার পরপরই অল্প কজন নেতাকর্মী নিয়ে সমাবেশ শুরু হয়। এরপর মিছিল সহকারে পরিষদের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক দলে দলে মুক্তাঙ্গনের সামনের সড়কে সমবেত হন।শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন দাবিতে পরিষদ গত ২৬ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল। কিন্তু এর আগেই সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ২৫ ডিসেম্বর তারা হরতাল স্থগিত করে। পরিষদের নেতাদের অভিযোগ, সমঝোতাপ্রক্রিয়ায় সরকারপক্ষ কিছু অঙ্গীকার করলেও তা রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।আজকের সমাবেশে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে হরতাল স্থগিত করে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছি। কিন্তু সরকার আমাদের দাবি মেনে নিতে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা হরতাল প্রত্যাহার করিনি, সংলাপ ব্যর্থ হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দন রাব্বানী বলেন, ‘দফায় দফায় বৈঠক করে সরকার আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় হরতাল স্থগিত করেছি। কিন্তু সরকার এখন আমাদের দাবি-দাওয়া নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। এর পরিণতি ভালো হবে না।’যুগ্ম মহাসচিব আলমগীর মজুমদার বলেন, ‘আমাদের যে ওয়াদা দিয়েছেন তা পূরণ করুন। নইলে আরও কঠোর কমসূচি দিতে বাধ্য হব।’