ওলামা মাশায়েখ পরিষদের আবারও হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও হরতাল ডাকার হুমকি দিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন বিষয়ে তাঁদের দাবি মানার অঙ্গীকার করলেও সরকার ‘প্রতারণা করার’ চেষ্টা করছে। এমনটি হলে তার পরিণাম শুভ হবে না বলে সতর্ক করে দিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে ওলামা মাশায়েখ পরিষদের নেতারা এই হুমকি দেন। জুমার নামাজের পর অল্প কয়েকজন নেতা-কর্মী নিয়ে সমাবেশ শুরু হয়। এরপর সংগঠনের অনেক নেতা-কর্মী ও সমর্থক মিছিল নিয়ে দলে দলে মুক্তাঙ্গনের সামনের সড়কে জমায়েত হন।শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন দাবিতে পরিষদ গত বছরের ২৬ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল। তবে সরকারের সঙ্গে সমঝোতা হওয়ায় আগের দিন তারা হরতাল স্থগিত করে। পরিষদের নেতারা এখন অভিযোগ করছেন, সরকারপক্ষ কিছু অঙ্গীকার করলেও তা রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।সমাবেশে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, ‘আলোচনা ও সমঝোতার মাধ্যমে হরতাল স্থগিত করে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছি। কিন্তু সরকার আমাদের দাবি মেনে নিতে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা হরতাল প্রত্যাহার করিনি, সংলাপ ব্যর্থ হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘দফায়-দফায় বৈঠক করে সরকার আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় হরতাল স্থগিত করেছি। কিন্তু সরকার এখন আমাদের দাবি-দাওয়া নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। এর পরিণতি ভালো হবে না।’