ওলামা মাশায়েখের ডাকা হরতালে বিএনপির সমর্থন
আগামী ২৬ ডিসেম্বর সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হরতালে নৈতিক সমর্থন দেওয়ার কথা জানান। গত মঙ্গলবার জাতীয় সংসদে অনুমোদিত শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ হরতালের ডাক দেয়।খোন্দকার দেলোয়ার বলেন, সরকার ওলামা মাশায়েখদের আপত্তি না শুনেই একতরফাভাবে শিক্ষানীতি চূড়ান্ত করেছে। যৌক্তিক কারণে কেউ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপি তাতে নৈতিক সমর্থন দেবে। তিনি বলেন, তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালেও বিএনপি সমর্থন দিয়েছিল।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জনপ্রিয়তা না থাকায় সরকার ঢাকা সিটি করপোরেশন নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছে। তিনি অবিলম্বে ডিসিসি নির্বাচন দেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী প্রমুখ উপস্থিত ছিলেন।মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ: গতকাল বিকেলে রাজধানীর মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে খোন্দকার দেলোয়ার বলেন, জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সরকার পদত্যাগে বাধ্য হবে।দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভারতের সঙ্গে চুক্তি, ৩০ নভেম্বরের হরতালে পুলিশের হামলা-মামলার প্রতিবাদে বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।ঢাকা সিটি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মুক্তাঙ্গন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।