ওষুধ কোম্পানির কর্মকর্তাকে গুলি করে হত্যা
রাজধানীর রামপুরায় সন্ত্রাসীরা গত মঙ্গলবার গভীর রাতে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা ওয়াহিদুজ্জামানকে (৩০) গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।ওয়াহিদুজ্জামান বনানীর টেকনো ড্রাগস কোম্পানি লিমিটেডের সিনিয়র প্রমোশন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি পূর্ব রামপুরা কমিশনার রোডে ছোট ভাইয়ের ওষুধের দোকান সাজিদ হেলথ কেয়ারেও বসতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ওষুধের দোকান বন্ধ করে ওয়াহিদুজ্জামান ছোট ভাই শহীদুজ্জামানকে নিয়ে হেঁটে প্রায় ২০০ গজ দূরের বাসায় ফিরছিলেন। কমিশনার রোডের মোড়ে পৌঁছালে অস্ত্রধারী চার-পাঁচজন সন্ত্রাসী তাঁদের মারধর করতে থাকে। একপর্যায়ে ওয়াহিদুজ্জামানের পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তাঁর বাবার নাম জসিম মুন্সী।শহীদুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, প্যান্ট-শার্ট পরা সন্ত্রাসীদের দুজন তাঁর গলায় চায়নিজ কুড়াল ধরে। অন্য সন্ত্রাসীরা ওয়াহিদুজ্জামানকে যা আছে বের করে দিতে বলে। টাকা বের করতে দেরি হওয়ায় তারা ওয়াহিদুজ্জামানের পকেট থেকে ১২ হাজার টাকা ও দুজনের কাছে থাকা ছয়টি মুঠোফোন ছিনিয়ে নেয়। ওয়াহিদুজ্জামান সন্ত্রাসীদের একজনকে জাপটে ধরে ফেলেন। এ সময় তাঁর পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে সন্ত্রাসীরা টাকা ও মুঠোফোনগুলো নিয়ে পূর্বদিকে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা মো. রাকিব জানান, তিনটি গুলির শব্দ শুনে তিনি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওয়াহিদুজ্জামান রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছেন। পরে তাঁকে ট্যাক্সিক্যাবে তুলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।নিহত ওয়াদুিজ্জামানের ভাই শহীদুজ্জামান বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী দুই বছর ধরে ওয়াহিদুজ্জামানের কাছে চাঁদা চাইছিল। চাঁদা না দিলে তাঁকে হত্যারও হুমকি দিয়েছিল। প্রথমবার ঘটনাটি র্যাব-৩কে জানানো হয়েছিল। তিনি জানান, ওষুধের দোকানের পাশে তাঁরা মুঠোফোনে টাকা ভরার কাজও করতেন। স্থানীয় সন্ত্রাসীরা মুঠোফোনে টাকা ভরলেও তা শোধ না করায় তাদের ফোনে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এতে তারা ওয়াহিদুজ্জামানের ওপর ক্ষিপ্ত হয়। তবে আতঙ্কের কারণে শহীদুজ্জামান তাদের নাম বলেননি।গতকাল দুপুরে কমিশনার রোডে গিয়ে দেখা যায়, ওয়াহিদুজ্জামানের বাসায় তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, কয়েক দিন আগে ওয়াহিদুজ্জামানের স্ত্রী শাহনাজ বেগম তাঁদের চার বছরের মেয়েকে নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাড়িতে গেছেন।কমিশনার রোডের বাসিন্দা শাহাবুদ্দীন জানান, স্থানীয় বস্তিতে মাদকসেবী যুবকদের বসবাস। বস্তিতে মাদক বেচাকেনা হয়। মাদক কেনার জন্য এরা ওয়াহিদুজ্জামানের কাছে চাঁদা চাইত।রামপুরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ওয়াহিদুজ্জামান হত্যার ঘটনায় দুপুরে তাঁর ভাই শহীদুজ্জামান রামপুরা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সন্ত্রাসীরা ওয়াহিদুজ্জামানের কাছে চাঁদা চাইত। এ ঘটনায় আরিফুল ইসলাম ও ভাসাই নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরিফুল ইসলামের মা দাবি করেন, তাঁর ছেলে কিশোর, রামপুরা মডেল উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। সোর্সের পরামর্শে পুলিশ হয়রানির জন্য তাকে আটক করেছে। সে খুনের সঙ্গে জড়িত থাকতে পারে না।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, স্থানীয় বস্তির কিছু চাঁদাবাজ ওয়াহিদুজ্জামানের কাছে চাঁদা দাবি করেছিল। এর জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।