ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কারণে অতিষ্ঠ রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই, প্রয়োজনীয় চিকিৎসক নেই, বহির্বিভাগ, জরুরি বিভাগ, ডায়রিয়া ওয়ার্ডসহ সবখানে রোগী আর রোগী। হাতে গোনা কয়েকজন চিকিৎসক থাকলেও তাঁরা ঠিকমতো রোগী দেখেন না বলে রোগীদের অভিযোগ। একমাত্র সার্জন থাকেন রংপুর শহরে। সেখান থেকে আসা-যাওয়া করেন অনিয়মিত। সে কারণে জরুরি অস্ত্রোপচার করতে হলে স্থানীয় ক্লিনিক অথবা রংপুরে যেতে হয় রোগীদের। এখানে নার্স, ওয়ার্ডবয়, কর্মচারীরও অনেক পদ খালি। এতে করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দূরদূরান্ত থেকে আসা রোগীরা।৭ ও ১২ এপ্রিল সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ২৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সকাল থেকে একজন চিকিৎসকও সেখানে যাননি। একজন নার্স তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।বেলা সাড়ে ১১টায় আউটডোরে গিয়ে দেখা যায়, ফজলুল হক ও আবদুর রশিদ রোগী দেখছিলেন। কিন্তু দুজন চিকিৎসক প্রায় ৪০০ রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন। এ সময় জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রাম থেকে আসা নুরনাহার বেগম অভিযোগ করেন, ‘দুটা ডাক্তার দিয়া এতগুলা রোগী কি দেখা যায়? সকাল থাকি লাইনত দারে আছি। কখন যে সিরিয়াল হবে কায় জানে।’ দক্ষিণ হারোয়ার আসাদুল ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘রোগী এঠে গ্যানজাম করেছে, আর ওমরা উপরত বসি হাওয়া খায়ছে।’জেলা সদরের রামনগর গ্রাম থেকে ডায়রিয়ায় আক্রান্ত ৭৫ বছরের কাল্টু মামুদকে নিয়ে এসেছেন তাঁর ভাগ্নে বজলার রহমান (৪৫)। তিনি অভিযোগ করেন, ‘ভর্তি করার পর সকাল থাকি একবারও ডাক্তার আইসে নাই। ডাক্তারের কাও রকমত বসি চা খায়ছে, আর কাও ঔষধ কোম্পানির লোক নিয়া ব্যস্ত আছে। রোগী দেখির সময় নাই কারও।’হাসপাতালের জরুরি বিভাগের সামনে দেখা গেল বেশ কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল। জরুরি বিভাগে চিকিৎসক নেই। সেখানে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন রোগীরা। পাশে জরুরি বিভাগের চিকিৎসকের রুমের সামনে দেখা যায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। সেখানে ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক সহিদুল ইসলাম ওষুধ কোম্পানির একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, ‘নিয়ম বলে কোনো কিছু নেই এখানে। তাঁরা আসে, তাই সময় দিতে হয়। তা ছাড়া আমাদের প্রোডাকশন সম্পর্কেও একটা ধারণা থাকতে হয়, এ জন্য রিপ্রেজেন্টেটিভ ভিজিট করি।’নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মচারী ও নার্স বলেন, ‘এখানে এমনিতেই চিকিৎসকের সংকট। তারপর বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগী দেখার সময় চিকিৎসকের সঙ্গে দেখা করার কারণে আমরা জরুরি প্রয়োজনে চিকিৎসকদের ডেকেও একটা জরুরি রোগী দেখাতে পারি না। তাঁদের অধীন হওয়ায় কোনো প্রতিবাদও করা যায় না।’১২ এপ্রিল সকালে একইভাবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বচসার সৃষ্টি হয় এলাকার কতিপয় রোগীর সঙ্গে আসা আত্মীয়স্বজনের। এলাকার জনৈক সুমন (৩০) অভিযোগ করেন, ‘সকালে জরুরি বিভাগে একটি রোগী নিয়ে এসেছিলাম, কিন্তু রিপ্রেজেন্টেটিভদের ভিড়ের কারণে রোগী দেখানো যাচ্ছিল না। এর প্রতিবাদ করায় তারা পাল্টা আমার ওপর চড়াও হয়। তারপর তারা একত্র হয়ে আমাদের দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।’ এ সময় অহিদুল ইসলাম (৪৫) অভিযোগ করেন, ‘তাদের অত্যাচারে হাসপাতালে রোগী দেখানো যায় না। ডাক্তারের হাত থাকি প্রেসক্রিপশন নিয়া ওমরায় ওরা লেখি দেয়ছে।’হাসপাতালের চিকিৎসক মোস্তাকুর রহমান অভিযোগ করেন, ‘রিপ্রেজেন্টেটিভরা জরুরি বিভাগে আসে, যেটা অশোভনীয় ব্যাপার। আমি এ ব্যাপারে সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অভিযোগও করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ বলেন, ‘আসলে দোষটা রিপ্রেজেন্টেটিভদের নয়, দোষটা আমাদের চিকিৎসকদের।’ বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।এদিকে ১২ এপ্রিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সিটের অভাবে বারান্দায় ও মেঝেতে একটু ঠাঁই করে চিকিৎসাসেবা নিচ্ছেন অনেকে। এক বিছানায় দু-তিনটি করে শিশুকে রাখা হয়েছে। রোগীরা অভিযোগ করেন, সারা দিনে-রাতে একবার চিকিৎসক আসেন। ভালোভাবে রোগীর কথা শুনতেও চান না চিকিৎসকেরা।এ সময় জেলা সদরের সিংদই গ্রামের হযরত আলী বলেন, ‘বাচ্চা এখনো সুস্থ হয় নাই, ছারপত্র দিয়া দিছে। ওষুধ লেখি দিছে কইলে বাড়িত নিগি খাওয়াও। তাইলে দেড় শ টাকা ভ্যান ভাড়া করি আসি হামার কি লাভ হইলে।’হযরত আলী ১১ এপ্রিল নিউমোনিয়ায় আক্রান্ত তাঁর ছয় মাসের শিশুকন্যা আয়শাকে ভর্তি করান এবং ১২ এপ্রিল সকালে প্রথম চিকিৎসককে দেখাতে পারেন বলেও জানান।ওই ওয়ার্ডের কর্তব্যরত একজন নার্স নাম প্রকাশ না করে বলেন, ১২ শয্যার শিশু ওয়ার্ডে ১২ এপ্রিলে শিশু ছিল ৩২টি। তিনি বলেন, সিটের অভাবে একটি বেডে দু-তিনটি করে শিশু রাখতে হচ্ছে। একই ওয়ার্ডের পাশের গাইনি ওয়ার্ডে ১৫টি সিটে রোগী ছিল ২২ জন। ওই ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, ‘আমরা দুজনের জায়গায় একজন করে নার্স আছি। আমরা কীভাবে এতগুলো রোগীকে সামলাব।’এ ব্যাপারে কথা বললে আবাসিক চিকিৎসা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, এটি ১০০ শয্যার হাসপাতাল হলেও ৫০ শয্যারও কম জনবল দিয়ে চালাতে হচ্ছে। ১০০ শয্যায় হাসপাতালটি উন্নীত হলেও জনবল বাড়ানো হয়নি। তিনি বলেন, এখানে ৫০ শয্যার জনবলে ২২ জন চিকিৎসকের পদে কর্মরত আছেন ১৪ জন, ৩৩ জন নার্সের পদে আছেন ২১ জন। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় ১৬৫ থেকে ২০০ জন। বহির্বিভাগে চিকিৎসা নেয় প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ রোগী। প্রতিদিন ১০০ শয্যার পথ্য দেওয়া হয়, ওই পথ্য দিয়ে বাকি রোগীদেরও চালাতে হয়। অর্থোপেডিক্স, মেডিসিন, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট কনসালটেন্ট ও তিনটি ইএমও পদ দীর্ঘদিন ধরে খালি আছে। তিনি বলেন, ৫০ শয্যার জনবলে চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীর ৯৬টি পদে আছেন ৭০ জন। তিনি আরও বলেন, ১০০ শয্যার জনবল দেওয়া হলে বর্তমান জনবলকাঠামো দ্বিগুণ হবে। এ ছাড়া এখানে ছয়টি কেবিন তৈরি হলেও তা জনবলের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।এখানে একটি আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে তা চালু করা যাচ্ছে না। বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, অনেক চেষ্টা-তদবির করে হাসপাতালে ডাবল ফেস লাইন নেওয়া হলেও একটি ফেজে ভোল্টেজ থাকে না।একমাত্র সার্জন আমিনুল ইসলাম নীলফামারীতে না থেকে রংপুরে থেকে দায়িত্ব পালন করেন—এমন অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।এ ব্যাপারে ১২ এপ্রিল দুপুরে সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ বলেন, ‘আমি জানি, চাইলেও জনবল পাব না। তার পরও আমি আজকেও জনবল চেয়ে চিঠি লিখেছি।’ একজন চিকিৎসকের হাসপাতালের ডিউটির সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত। সার্জন আমিনুল ইসলামের অনিয়মিত আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘উনি মাঝেমধ্যে আসেন। আজকেও আসেননি, সে কারণে আমি তাঁকে অনুপস্থিত করে দিয়েছি।’