ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিত্সক পদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট সার্জারি, আবাসিক চিকিত্সা কর্মকর্তা, একজন চিকিত্সা কর্মকর্তা ও সহকারী ডেন্টাল সার্জনের পদ দীর্ঘদিন যাবত্ শূন্য। পাঁচজন চিকিত্সক দিয়ে চলছে এই স্বাস্থ্য কমপ্লেক্স।বন্দরের ব্যবসায়ী এস সমদ্দার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দখল করে রেখেছেন। অফিস চলার সময় তাঁরা চিকিত্সকের সামনের চেয়ারগুলোয় বসে থাকেন। গ্রামের রোগীরা এসে চেয়ারে বসা কোট-প্যান্ট পরা লোক দেখে মনে করে, হয়তো কোনো বড় কর্মকর্তা এসেছেন। এ ছাড়া তাঁরা দীর্ঘ সময় বসে থাকেন। ওই ব্যক্তি চলে গেলে অসহায় লোকজন চিকিত্সা নিয়ে বাড়ি ফেরে। শিয়ালকাঠী এলাকার সফিকুল ইসলাম জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটখাটো অপারেশন করারও যন্ত্রপাতি নেই। এই উপজেলার মানুষের রোগব্যাধি হলে বরিশাল বা নিকটবর্তী কোনো হাসপাতালে যেতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ এ করিম জানান, এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উত্পাত নেই, তবে আগে ছিল। উপজেলা পরিষদের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনার পর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।