ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ঝুঁকি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর-টিবির প্রকোপ বেশি, এমন ২৭টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত ‘বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদন ২০১২’তে এ তথ্য দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে নতুন শনাক্ত করা রোগীর মধ্যে ১ দশমিক ৪ শতাংশ এমডিআর-যক্ষ্মা রোগী। গত বছর এই হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। তবে পুনরায় চিকিৎসা করতে হচ্ছে, এমন রোগীর মধ্যে এমডিআর-যক্ষ্মায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এদের সংখ্যা আগে ছিল ১৫ শতাংশ, বর্তমানে তা ২৯ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ যক্ষ্মা রোগী নিয়ম মেনে ওষুধ সেবন না করলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে পড়ে, যা এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স) টিবি নামে পরিচিত। ওষুধের মাত্রা ও মান ঠিক না থাকলে, ওষুধ সেবনে বিরতি পড়লে, ওষুধের কোর্স (সাধারণত ছয় মাস মেয়াদ) শেষ না করলে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়। তখন ওই ওষুধে আর কাজ হয় না। সাধারণ যক্ষ্মা রোগীকে টানা ছয় মাস ওষুধ সেবন করতে হয় আর এমডিআর-যক্ষ্মা রোগীকে ১৮ থেকে ২৪ মাস ওষুধ সেবন করতে হয়। এমডিআর-যক্ষ্মা রোগী থেকে সরাসরি এমডিআর-যক্ষ্মার জীবাণু ছড়াতে পারে।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সূত্র জানায়, বছরে ছয় থেকে সাত হাজার রোগীর পুনরায় চিকিৎসার দরকার হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে এখন এমডিআর-যক্ষ্মা রোগীর সংখ্যা তিন হাজার ৮০০।এক দশকেরও বেশি সময় ধরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ে কাজ করছে, এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ঝুঁকি বাড়ছে। ডটস কর্মসূচি (স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সরাসরি রোগীকে প্রতিদিন ওষুধ সেবন করানো) ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। রোগী ঠিকভাবে ওষুধ সেবন করছে কি না বা মেয়াদ শেষ করছে কি না, তা দেখা হচ্ছে না। অন্যদিকে সরকারি কর্মসূচির বাইরে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে যারা চিকিৎসা নেয়, তারা ঠিকভাবে ওষুধ সেবন করছে কি না বা মেয়াদ শেষ করছে কি না, তা-ও ঠিকভাবে নজরদারি করা হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক আশেক হোসেন প্রথম আলোকে বলেন, এমডিআর-যক্ষ্মায় আক্রান্ত মানুষের সংখ্যা কম পাওয়া যাচ্ছে। এটি সুসংবাদ। তিনি জানান, গত বছর সারা দেশে এক লাখ ৫৮ হাজার নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছিল।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে যক্ষ্মা প্রতিরোধ, সেবা ও নিয়ন্ত্রণ বিষয়ে সর্বশেষ তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। এতে ১৮২টি দেশের তথ্য আছে। তবে বাংলাদেশের মতো যেসব দেশে যক্ষ্মার বোঝা অনেক বড়, সেসব দেশের তথ্য একটু বিস্তারিত রয়েছে।প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১১ সালে সারা বিশ্বে ১৪ লাখ মানুষ মারা যায় যক্ষ্মায়। এর মধ্যে একটি বড় অংশ একই সঙ্গে (চার লাখ ৩০ হাজার) এইচআইভিতে আক্রান্ত ছিল। আর বাংলাদেশে যক্ষ্মায় আক্রান্ত এক হাজার ৯০০ জনের এইচআইভি সংক্রমণ জানার চেষ্টা হয়েছিল, তার মধ্যে ৮১ জনের মধ্যে তা ধরা পড়েছে।২০১৫ সালের মধ্যে যক্ষ্মায় মৃত্যুর হার ৫০ শতাংশে কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আফ্রিকা ও ইউরোপের কিছু দেশ তা অর্জন করতে পারবে না বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদন নিয়ে প্রভাবশালী স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট গত শনিবার একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বর্তমান যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পুনর্মূল্যায়নের সময় এসেছে। যক্ষ্মা পরিস্থিতির স্থিতাবস্থা গ্রহণযোগ্য নয়।