ওষুধে ভেজাল প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধে ভেজাল প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আজ বুধবার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভেজালের অপরাধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, ডিজি ড্রাগ অ্যাডমিনিট্রেশন, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে।ওষুধে ভেজাল প্রতিরোধে নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ম. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। এ ছাড়া আদালত বেশ কয়েক দফা নির্দেশনাও দিয়েছেন। ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে নীতিমালা তৈরির জন্য উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে ডিজি ও স্বাস্থ্যসচিবকে বলা হয়েছে।স্বাস্থ্যসচিবকে বাজার থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঁচ সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল এবং ড্রাগ কন্ট্রোল কমিটির গত দুই বছরের কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।১৯৯১ সালে প্যারাসিটামল সেবনে ৭৩ শিশু মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য ডিজি ড্রাগ অ্যাডমিনিট্রেশন ও পুলিশের আইজিকে বলা হয়েছে।