ওষুধের সংকটে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি
ওষুধের সংকটে পড়েছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। নতুন শনাক্ত হওয়া যক্ষ্মা রোগীদের ওষুধ দিতে পারছেন না মাঠপর্যায়ে কর্মরত এনজিওর কর্মীরা। এই সংকট হতে পারে এমন আশঙ্কা দুই মাস আগেই প্রকাশ করেছিল আন্তর্জাতিক যৌথ পর্যবেক্ষণ মিশন। প্রতিদিন দেশে ৪০ হাজার রোগীকে ওষুধ দিতে হয়।কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত জেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ের এনজিওর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওষুধের সংকটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক এনজিওর ঢাকা কার্যালয়ের কর্মকর্তারাও এর সত্যতা স্বীকার করেছেন।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক মো. আশেক হোসেন প্রথম আলোকে বলেন, ওষুধের সংকট ছিল। সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। খুব শিগগির মাঠপর্যায়ে ওষুধ পৌঁছে যাবে।বিশেষজ্ঞরা বলছেন, অতি দ্রুত ওষুধ সরবরাহ নিয়মিত না করলে ওষুধ-প্রতিরোধী যক্ষ্মার (এমডিআর টিবি) সংক্রমণ বাড়বে। এটা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে।অব্যবস্থাপনা: অক্টোবর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ১২ সদস্যের একটি আন্তর্জাতিক যৌথ পর্যবেক্ষণ মিশন কর্মসূচি মূল্যায়ন করেছে। অক্টোবর মাসেই কমিটি বলেছিল, পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ওষুধের তীব্র সংকটে পড়বে।কমিটি বলে, যথাসময়ে দাতাদের অর্থ ছাড় করতে দেরি করেছেন সরকারি কর্মকর্তারা। দ্বিতীয়ত, শুল্ক বিভাগের কারণে ওষুধ ছাড় হতে দেরি হয়। তারা জরুরি ভিত্তিতে ওষুধ কেনার সুপারিশ করেছিল।কর্মসূচির ব্যবস্থাপক মো. আশেক হোসেন বলেন, ভারতে বন্যার কারণে ওই দেশের সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ঠিক সময়ে ওষুধ সরবরাহ করতে পারেনি।পরিস্থিতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীর যে ২২টি দেশে যক্ষ্মার প্রকোপ বেশি, বাংলাদেশ তার মধ্যে একটি এবং তালিকায় এর স্থান ষষ্ঠ। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় অর্ধেক এই রোগের জীবাণু বহন করছে। দুই বছর আগেও বলা হতো, যক্ষ্মায় বছরে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়। এখন বলা হচ্ছে, প্রতি এক লাখ প্রাপ্তবয়স্ক মানুষের ৪৫ জন মারা যাচ্ছে যক্ষ্মায়।গত শতাব্দীর ষাটের দশক থেকে এ দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। ২০০৪ সালের মাঝামাঝি থেকে কর্মসূচিটি চলছে জেনেভাভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে। ব্র্যাকের নেতৃত্বে ৪৩টি এনজিও মাঠপর্যায়ে রোগী শনাক্ত করা ও রোগীকে নিয়মিত ওষুধ সেবনের (ডটস: এই পদ্ধতিতে প্রতিদিন মাঠকর্মীর উপস্থিতিতে রোগীকে ওষুধ সেবন করানো হয়) কাজ করে আসছে। জাতীয় কর্মসূচির আওতায় রোগ নির্ণয় ও চিকিৎসা সারা দেশে বিনা মূল্যে করা হয়।শনাক্ত হওয়ার পরও ওষুধ পাচ্ছে না: ছয় মাস ধরে চট্টগ্রামে চাহিদার মাত্র ২৫-৩০ শতাংশ যক্ষ্মার ওষুধ সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় স্বল্প পরিমাণ ওষুধ নগর ও জেলার ৮৭টি যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রে ভাগ করে দিতে হিমশিম খাচ্ছে।সিভিল সার্জন আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘ওষুধের কিছুটা সংকট চলছে। তবে আমরা কোনোভাবে চালিয়ে নিচ্ছি। আশা করি, এই সপ্তাহে সংকট কেটে যাবে।’জানা গেছে, মাঠপর্যায়ের এনজিওর কর্মীরা তিন মাসের চাহিদাপত্র দিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে যক্ষ্মার ওষুধ সংগ্রহ করেন। গত জুলাই মাস থেকে চাহিদা অনুযায়ী তাঁরা ওষুধ পাচ্ছেন না। এই সংকট কাটাতে প্রতি মাসে কিছু কিছু ওষুধ ঢাকা থেকে পাঠানো হচ্ছে। তবে তা কোনোভাবেই চাহিদার ৩০ শতাংশের বেশি নয়।এ পরিস্থিতিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো নতুন রোগীদের ওষুধ দেওয়া বন্ধ রেখেছে। নতুন রোগীদের ঠিকানা রেখে দেওয়া হচ্ছে, যাতে ওষুধ এলে তাদের চিকিৎসা শুরু করা যায়।বোয়ালখালী থানার স্বাস্থ্য কর্মকর্তা মুরশিদ আরা বেগম বলেন, ‘নতুন যেসব রোগী শনাক্ত হচ্ছে, আপাতত আমরা তাদের ওষুধ দিচ্ছি না। কারণ, ওষুধ একবার শুরু করলে তা আর বন্ধ করা যাবে না। আমরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে ওষুধ এনে পুরোনো রোগীদের কোর্স শেষ করার চেষ্টা করছি।’সরকারি কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে যক্ষ্মা রোগী ক্রমেই বাড়ছে। এ বছরের জুন পর্যন্ত নগরের ৫৭টি ডট সেন্টারে যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৩১ জন। একই সময়ে ১৪ উপজেলার ৩০টি কেন্দ্রে যক্ষ্মা রোগী ছিল দুই হাজার ২৯৪ জন। ২০০৯ সালে পুরো চট্টগ্রামে যক্ষ্মা রোগী ছিল আট হাজার ৪৪৫ জন, যা আগের বছরের (২০০৮) চেয়ে এক হাজার ১৫৫ জন বেশি।একইভাবে নগরের আন্দরকিল্লার বক্ষব্যাধি হাসপাতালে গত নভেম্বরে ৭২ জন রোগী শনাক্ত হয়। কিন্তু তাদের মধ্যে অনেকেরই ওষুধ শুরু করা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এতে যক্ষ্মা ছড়ানোর আশঙ্কা রয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা ডা. কৃষ্ণা দত্ত জানান, ‘ওষুধের সংকট তীব্র। আমরা নতুন রোগীদের বিভিন্ন ডট সেন্টারে পাঠিয়ে দিচ্ছি।’ব্র্যাকের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক অশোক কুমার সাহা ওষুধের সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করে বলেন, ‘আমরা মাত্র ২৫ শতাংশ ওষুধ পাচ্ছি। এ ছাড়া এখন প্রতি মাসে কিছু কিছু ওষুধ অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হচ্ছে, যাতে পুরোনো রোগীদের ওষুধ চালিয়ে নেওয়া যায়।’বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই নিম্ন আয়ের। বিশেষ করে, রিকশাচালক, কলকারখানার শ্রমিক ও দিনমজুরেরা এ রোগে বেশি আক্রান্ত হন। ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য তাঁদের নেই।আশঙ্কা: যক্ষ্মা রোগীকে সঠিক মাত্রায় নিয়মিত ছয় মাস ওষুধ সেবন করতে হয়। এর অন্যথা হলে যক্ষ্মার জীবাণু ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠে এবং সাধারণ ওষুধে ওই জীবাণু মারা পড়ে না। তখন ওষুধ-প্রতিরোধী বা এমডিআর যক্ষ্মায় (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) আক্রান্ত হয় মানুষ। সে কারণে ওষুধের নিয়মিত সরবরাহ থাকা জরুরি। জাতীয় কর্মসূচি থেকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে টানা দুই বছর ওষুধ সেবন করতে হয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও বেশি। একজন রোগীর পেছনে কমপক্ষে খরচ হয় পাঁচ লাখ টাকা।