ওসমানী উদ্যানে মুক্তিযুদ্ধের ১১ সেক্টর!
মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নগর ভবনের সামনের উদ্যানটির নাম রাখা হয়েছে ওসমানী উদ্যান। নগর ভবনের উল্টো পাশে উদ্যানটির প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে, মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ভাস্কর্য নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, পুরো উদ্যানে তৈরি হচ্ছে ১১টি ভাস্কর্য। দেয়াল আকৃতির এই ভাস্কর্যগুলোর উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট। ১১টি ভাস্কর্য মুক্তিযুদ্ধকালীন একেকটা সেক্টরের সারসংক্ষেপ তুলে ধরছে। আর ১১টি সেক্টরের সর্বাধিনায়ক ছিলেন এম এ জি ওসমানী। তাঁর নামে উদ্যানটির নাম বলে এখানে সেক্টরগুলোর ইতিহাস তুলে ধরা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন বেহাল থাকা ওসমানী উদ্যান একসময় বেহাত হওয়ার উপক্রম হয়েছিল। পরিবেশবাদীদের চাপে এটি রক্ষায় এগিয়ে আসে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ২২ দশমিক ১০ একর আয়তনের উদ্যানটি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয় ২০০৫ সালের ১৮ আগস্ট। ওই কাজ তদারকিতে রয়েছে ওসমানী উদ্যান ব্যবস্থাপনা কমিটি। পুরো উদ্যানটি নতুনরূপে সাজানোর নকশার দায়িত্ব পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদের হাতে। তিনি প্রথমে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে উদ্যানে একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা করেন।এ বিষয়ে ওসমানী উদ্যান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, জাদুঘর নির্মাণ করলে উদ্যানের গাছগাছালি কাটা পড়তে পারে—এই আশঙ্কা থেকে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে উদ্যানের গাছগাছালির সঙ্গে সামঞ্জস্য রেখে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধে ঢাকা অঞ্চল নিয়ে ছিল ২ নম্বর সেক্টর। তাই প্রথমেই এই সেক্টরের ভাস্কর্যটিই করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১০ সেক্টরের জন্য ১০টি ভাস্কর্য তৈরি করা হচ্ছে।নির্মাণকাজের সঙ্গে যুক্ত কর্মী চান মিয়া জানালেন, ১০টি ভাস্কর্যেরই গাঁথুনি শেষ হয়েছে। ঢালাই ও লেখার কাজ বাকি। তিনি জানালেন, ১৬ ডিসেম্বর দু-একটি ভাস্কর্য উদ্বোধন করা যেতে পারে, সবগুলোর কাজ ওই সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। ২ নম্বর সেক্টরের ভাস্কর্যটি যে নকশায় করা হয়েছে, বাকি ভাস্কর্যগুলোও একই নকশায় করা হচ্ছে।যা থাকছে ভাস্কর্যেসেক্টর-২-এর ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু হয় ২০০৭ সালে ডিসেম্বর মাসে। ২০০৮ সালের ১৬ ডিসেম্বর সেক্টর কমান্ডার ফোরামের নেতারা এই ভাস্কর্যটির উদ্বোধন করেন। গিয়ে দেখা গেছে, ২ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ভাস্কর্যটি হচ্ছে একটি দেয়াল। সাদা রঙের এই দেয়ালের মাঝখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র। মানচিত্রের মধ্যে আবার ২ নম্বর সেক্টরের অঞ্চল আলাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ভাস্কর্যটির শীর্ষে লেখা রয়েছে ‘১৯৭১ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর-২’। এর পাশেই কালো একটি জায়গায় সাদা রঙে লেখা হয়েছে ইংরেজি হরফ ‘কে’। ২ নম্বর সেক্টরের প্রতিষ্ঠাকালীন কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। তাঁর নামের প্রথম অক্ষর বোঝানো হয়েছে ‘কে’ দিয়ে। মুক্তিযুদ্ধের শেষার্ধে অবশ্য তাঁর নেতৃত্বে ‘কে’ ফোর্স করা হয়েছিল। দেয়ালের এক পাশে লেখা ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জানা-অজানা সব মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত’। ভার্স্কটির ডান পাশে বড় ধাতব-ফলকে লেখা আছে ২ নম্বর সেক্টরের নানা তথ্য। আরও তথ্য আছে ডান পাশে ও পেছনে। এভাবেই ১১টি ভাস্কর্যে প্রকাশ পাবে ১১টি সেক্টরের সংক্ষিপ্ত ইতিহাস। মুক্তিযুদ্ধের ১০ নম্বর সেক্টর ছিল নৌকমান্ড। তাই এই সেক্টরের ভাস্কর্যটি হবে উদ্যানের জলাশয়ে। নতুন প্রজন্ম ওসমানী উদ্যানে বেড়াতে এসে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানতে পারবে বলে ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।