ওসামা বিন লাদেন নিহত
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন গতকাল রোববার পাকিস্তানে নিহত হয়েছেন। ইসলামাবাদের বাইরে এবোটাবাদ এলাকায় মার্কিন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তবে আল-কায়েদার পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ওবামা জানান, বিন লাদেনের মৃতদেহ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ উদ্ধার করেছে এবং তাঁর মৃতদেহ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি এবং করবেও না। ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযানে বিন লাদেন নিহত হয়েছেন। তিনি একজন সন্ত্রাসী এবং হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বিন লাদেন নিহত হওয়ার ঘটনাকে ‘ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেন। আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, ‘আমি বারাক ওবামা, জাতীয় নিরাপত্তা বাহিনী টিমসহ যারা বিন লাদেনকে বিচারের আওতায় এনেছেন, তাঁদের অভিনন্দন জানাই।’ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, বিন লাদেন নিহত হওয়ার সংবাদে বিশ্বজুড়ে ‘বড় ধরনের স্বস্তি’ বয়ে আনবে। এদিকে বিন লাদেনের নিহত হওয়ার খবরে হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার জনতা মার্কিন পতাকা হাতে বিজয় উল্লাস করছে।