ওসামাকে নিয়ে অস্কারজয়ী ক্যাথরিনের নতুন চলচ্চিত্র
আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন হলিউডের অস্কারজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো। ছবিটির শুটিং চলছে ভারতের চণ্ডীগড়ে। ওসামাকে হত্যার জন্য পরিচালিত মার্কিন বাহিনীর অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী ওসামাকে হত্যা করে। এর পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তাই ক্যাথরিনের পক্ষে পাকিস্তানে শুটিং করা সম্ভব হচ্ছে না।পরিচালক ক্যাথরিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স আশা করছে, চলতি বছরের অক্টোবরের মধ্যেই চলচ্চিত্রটি মুক্তি পাবে।দ্য হার্ট লকার নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে অস্কার পান ক্যাথরিন। ইরাকযুদ্ধের সময় সেখানে দায়িত্ব পালনকারী মার্কিন সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নির্মিত দ্য হার্ট লকার ছবিটি ২০০৮ সালে মুক্তি পায়।দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতকাল বুধবার ক্যাথরিন চণ্ডীগড়ের একটি বাজারে কিছু দৃশ্যের শুটিং করেছেন। এ সময় ওই স্থানটিকে পাকিস্তানের লাহোরের মতো করে সাজানো হয়।গত মাসে এক প্রতিবেদনে বলা হয়, লাদেন হত্যার অভিযানে অংশগ্রহণকারী মার্কিন সেনাসদস্যরা ক্যাথরিনকে অভিযানের তথ্য দিয়ে সহায়তা করেছেন। কিন্তু হোয়াইট হাউস এ প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। বিবিসি।