ওসামার মৃত্যুতে বেড়েছে ওবামার জনপ্রিয়তা
নানা কারণে আমেরিকানদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে গত সোমবার মার্কিন মেরিন সেনাসদস্যদের হাতে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ওবামার জনপ্রিয়তা ৯ শতাংশ বেড়েছে।ওয়াশিংটন পোস্ট ও পিউ রিসার্চ সেন্টার এবং ইউএসএ টুডে ও গ্যালাপ পোল পরিচালিত দুটি জরিপে এ তথ্য উঠে এসেছে। লাদেন নিহত হওয়ার এক দিন পরই এ জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে দেখা গেছে, মার্কিন নাগরিকদের মধ্যে ওবামার গ্রহণযোগ্যতা গত মাসের চেয়ে ৯ শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হয়েছে।বারাক ওবামা সাম্প্রতিক সময়ে ভেতরে-বাইরে ভীষণ চাপের মধ্যে ছিলেন। নানা বিতর্কে ওবামার জনপ্রিয়তা ৫০ শতাংশেরও নিচে নেমে যায়। এমনকি গত সপ্তাহে পরিচালিত এক জরিপে বলা হয়, ৭০ শতাংশ আমেরিকান মনে করেন, ওবামার নেতৃত্বে দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে।বিশ্লেষকেরা মনে করছিলেন, ওসামার নিহত হওয়ার পর ওবামার জনপ্রিয়তা বেড়ে যাবে। জরিপের ফলাফলে বিশ্লেষকদের ধারণাই সত্য হলো।