ওসি খাঁ বিরোধিতা পছন্দ করেন না!
নড়াইলের কালিয়া উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে মধুমতী নদী। বর্ষা মৌসুম এলেই মধুমতীতে শুরু হয় তীব্র ভাঙন। তবে নদীভাঙনে এখানকার সাধারণ মানুষ যতটা না আতঙ্কিত, তার চেয়ে বেশি সন্ত্রস্ত তারা একজন ‘ওসি খাঁ’ ও তাঁর লোকজনের ভয়ে।এই ওসি খাঁ হলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর আসল নাম শামীমুর রহমান খান। এলাকা ঘুরে ও মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি খাঁ ও তাঁর লোকজনের কর্মকাণ্ডে ত্রস্ত এলাকাবাসী। ওসি খাঁ এবং তাঁর লোকজন স্থানীয় জনগণের ওপর যে সিদ্ধান্ত চাপিয়ে দেন, তা-ই তাদের মেনে নিতে হয়। কারণ ওসি খাঁ বিরোধিতা মোটেই পছন্দ করেন না। বিরোধিতা করলেই নেমে আসে নির্যাতন।অভিযোগ রয়েছে, খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসি খাঁর পছন্দের প্রার্থীর বিপক্ষে কাজ করায় ২ সেপ্টেম্বর বড়দিয়া বন্দরের কাপড় ব্যবসায়ী পাটনা গ্রামের বাসিন্দা গোপাল রায়কে (৫৫) পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন ওসি খাঁ ও তাঁর লোকজন। এ সময় গোপাল রায়কে রক্ষায় এগিয়ে এসে তাঁর দুই ভাই বিজয় রায় ও সঞ্জয় রায় মারধরের শিকার হন।এ ঘটনার পরদিন ৩ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার চেয়ারম্যানের দেহরক্ষী শুড়িগাতী গ্রামের অমিত মজুমদার, বড়দিয়া গ্রামের আবদুর রহমান খান ও চোরখালী গ্রামের ছোটন খানকে আটক করে পুলিশ।কাপড় ব্যবসায়ী এবং নড়াগাতী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য গোপাল রায় প্রথম আলোকে বলেন, ২ সেপ্টেম্বর রাতে তিনি স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে চোরখালী গ্রামে ইউপি নির্বাচনে ওসি খাঁর পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় এবং তাঁর অপছন্দের লোকের বাড়িতে দাওয়াত খাওয়ার অপরাধে তাঁকে মারধর করে বাঁ হাত ভেঙে দিয়েছেন ওসি খাঁ ও তাঁর লোকজন।এ ছাড়া বিনা অনুমতিতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে মার্কেট নির্মাণের উদ্যোগ, উদীচী শিল্পীগোষ্ঠীর সংগীতবিষয়ক সম্পাদক পলাশ দাসকে মারধর, বিভিন্ন সময়ে সরকারি রাস্তার মাটি কেটে নিজের ইটখোলায় ব্যবহার, প্রশাসনে অযাচিত খবরদারি, চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজ কক্ষ থেকে বিতাড়িত করা এবং বড়দিয়া কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন ও স্থানীয় একটি ব্যাংকের ব্যবস্থাপককে লাঞ্ছিত করাসহ একাধিক অভিযোগ রয়েছে ওসি খাঁর বিরুদ্ধে।অনুসন্ধানে জানা গেছে, এলাকায় লোডশেডিং থাকায় গত ৯ মে রাতে পল্লী বিদ্যু ৎ কেন্দ্রের বড়দিয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীমকে ডেকে পাঠান ওসি খাঁ। যেতে একটু বিলম্ব হওয়ায় তাঁকে নিজ হাতে পিটিয়ে জখম করেন। কয়েক দিন হাসপাতালে থেকে আর ওই কার্যালয়ে যাননি আবদুল আলিম। তিনি থানায় মামলা করলেও তার কোনো অগ্রগতি হয়নি আজও।বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনের ওপর নিজস্ব মালিকানায় আরেক তলা নির্মাণ করে মার্কেট বানাতে চেয়েছিলেন ওসি খাঁ। গত বছরের ২৫ জুলাই প্রথম আলোয় ছবিসহ এ-সংক্রান্ত খবর ছাপা হওয়ার পর স্থানীয় প্রশাসন সরকারি ভবনের ওপর নির্মিত দ্বিতল ভবন ভেঙে দেয়।নাম প্রকাশ না করার শর্তে নড়াগাতী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সদ্য সমাপ্ত খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নিজের পছন্দের একজন প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে ওঠেন। ভোট দেওয়ার জন্য সংখ্যালঘুদের নানা রকম ভয়ভীতি দেখান তিনি। ছাত্রলীগের কয়েকজন নেতা পছন্দের প্রার্থীর বিপক্ষে কাজ করায় নির্বাচনের কয়েক দিন আগে ওসি খাঁ নিজ হাতে তাঁদের পেটান ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। পরে পুলিশের মধ্যস্থতায় মোটরসাইকেলগুলো ফেরত দেন তিনি।উপজেলার পাটনা গ্রামের বাবু খাঁ ও খাশিয়াল গ্রামের বরকত হোসেন অভিযোগ করেন, ইউপি নির্বাচনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু করেছে ওসি খাঁর লোকজন।তবে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ওসি খাঁর বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ দেয়নি।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি খাঁ প্রথম আলোকে বলেন, ‘গোপাল রায়কে কে বা কারা মেরেছে, আমি জানি না। তবে তিনি মন্দ লোক। গত ইউপি নির্বাচনে ভোট দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়েছেন। তাঁকে আমি মেরেছি প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেব।’উদীচী শিল্পীগোষ্ঠীর সংগীতবিষয়ক সম্পাদককে মারধর, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজ কক্ষ থেকে বিতাড়িত করা, বড়দিয়া কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন ও স্থানীয় একটি ব্যাংকের ব্যবস্থাপককে লাঞ্ছিত করার অভিযোগ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে ওসি খাঁ কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আপনারা যা পারেন লেখেন।’