ওসি-চেয়ারম্যানকে মারলেন পুলিশ সদস্য!
কুষ্টিয়ায় থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যানকে এক পুলিশ সদস্য মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা থানার ভেতর এ ঘটনা ঘটে।ঘটনার পর ইমাম হোসেন (৩২) নামের ওই পুলিশ সদস্যকে প্রথমে আটক করে থানার ভেতর একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাঁকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম ও ইউপি সদস্য সোহাগ আলী একটি কাজে থানায় যান। ওসি রিয়াজুল হকের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় পুলিশ সদস্য ইমামের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমাম হোসেন ইউপি চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন এবং তাঁর কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হন। ওসি বাইরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইমাম তাঁকেও কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। থানার অন্য পুলিশ ও আনসার সদস্যরা ইমাম হোসেনকে আটক করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি রিয়াজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘ইমামের কাছে থাকা রাইফেল কেড়ে নিতে গেলে ইমাম তাঁর ওপর চড়াও হন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইমাম হোসেন তাঁর পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে।’ তিনি জানান, ইমামকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।