ওসি-চেয়ারম্যানসহ পাঁচজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার নামে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঘিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুজন সদস্যসহ পাঁচজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ নভেম্বর সকালে তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।কচুয়া থানার ওসি ছাড়া বাকি চারজন হলেন—মোঘিয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুর, ইউপি সদস্য দুলাল ও শেফালী, শ্রীবাস চৌকিদার।গত ২০ অক্টোবর ‘দোররায় ক্ষতবিক্ষত নাজিরপুরের নিলুফা, মিথ্যা অপবাদে ইউপি চেয়ারম্যানের ফতোয়া’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদন করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।রুলে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাগেরহাটের পুলিশ সুপার, কচুয়া থানার ওসিসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নিজে উপস্থিত থাকার পাশাপাশি ইউপি চেয়ারম্যানসহ চারজন যাতে হাজির হন, তা নিশ্চিত করতে কচুয়া থানার ওসির প্রতি নির্দেশ দেন আদালত।