ওসি মিজানকে গ্রেপ্তারের জন্য পুলিশকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি পুলিশ পরিদর্শক জি এম মিজানুর রহমানকে গ্রেপ্তারের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে চিঠি (রিকুইজিশন) পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ছিলেন।পুলিশ জানায়, মিজানুর রহমান একটি মামলায় সাক্ষ্য দিতে চট্টগ্রামে এসেছিলেন। গত মঙ্গলবার বিকেলে ফয়’স লেক এলাকা থেকে এক কলেজছাত্রীকে তাঁর বন্ধুসহ জোর করে ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) উঠিয়ে তিনি চকবাজারের হোটেল আল-আকাবায় নিয়ে যান। রাতে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। বুধবার ভোরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবারই মিজানসহ তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা হয়। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপকসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরাও এ মামলার আসামি। মিজান পলাতক।চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি এক কলেজছাত্রীর সঙ্গে যে আচরণ করেছেন তা দুঃখজনক। তাই এ ঘটনা আমাদের নজরে আসার পরই মিজানের বিরুদ্ধে দ্রুত মামলা নিতে বলেছি। মামলা হওয়ার পর তিনি পালিয়ে যান। আইন নিজের গতিতেই চলবে।’নগর পুলিশের পাঁচলাইশ বিভাগের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, ‘আমরা মিজানুর রহমানকে গ্রেপ্তারের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় রিকুইজিশন পাঠিয়েছি।’এদিকে গ্রেপ্তার হওয়া হোটেল আল-আকাবার ব্যবস্থাপক মো. শামসুদ্দীন ও কর্মী তাজুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পাঁচলাইশ থানার পুলিশ। এ বিষয়ে কাল শনিবার শুনানি হবে বলে পুলিশ জানায়।সহকারী কমিশনার মান্নান বলেন, ‘হোটেল আল-আকাবার লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে আমরা আদালতেও যেতে পারি। তবে হোটেলের দুই কর্মকর্তা-কর্মচারীর রিমান্ড মঞ্জুর হওয়ার পর জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’বেরিয়ে আসছে আরও অভিযোগ: পুলিশ সূত্র জানায়, মিজানের বিরুদ্ধে ২০০৮ সালের শেষের দিকে নগরের রিয়াজুদ্দিন বাজারের এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা কেড়ে নিয়ে ২৪ লাখ টাকা উদ্ধার হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। সে সময় তিনি নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলারও অভিযোগ বেরিয়ে আসছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রামে রেঞ্জে বদলি হন।সূত্রটি জানায়, হুন্ডি ব্যবসায়ীর ৭৬ লাখ টাকা মেরে দেওয়ার ঘটনা তদন্ত করেন তৎকালীন উপকমিশনার মো. আবু সুফিয়ান। তিনি বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত। ওই সময় নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার থাকা ওয়াহিদুল হক চৌধুরীও বর্তমানে শান্তিরক্ষা মিশনে কর্মরত। ফলে তদন্তের ফলাফল সম্পর্কে বর্তমান পুলিশ কর্মকর্তারা তেমন কিছু জানেন না।এ প্রসঙ্গে পাঁচলাইশ বিভাগের সহকারী কমিশনার মান্নান বলেন, ‘মিজানুর রহমানের বিরুদ্ধে হুন্ডির টাকা গায়েব করা এবং আবাসিক হোটেলগুলোতে মেয়েদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অসংখ্য অভিযোগ বেরিয়ে আসছে। তদন্তে কান টানলে মাথা চলে আসবে। তাঁর খারাপ কাজের দায়ভার তাঁকে তো নিতে হবে।’