ওসি রফিকের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামের (ওসি রফিক) প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা বাতিল করেছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আদালতের মূল আদেশ ও কারাগারে পাঠানো আদেশের কপিতে মিল না থাকায় মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার বিষয়ে তদন্তের এ নির্দেশ দেওয়া হয়।আজ কারা কর্তৃপক্ষের প্রতিনিধি কারা উপপরিদর্শক ইমরান হোসেন আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষের একটি দরখাস্ত আদালতে দাখিল করেন। তাতে বলা হয়, আদালত ও জেলা প্রশাসকের নির্দেশে ওসি রফিককে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হয়। তবে কারাদপ্তরের রক্ষিত রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করে ওসি রফিকের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার কোনো নোট নেই।আদালত শুনানি শেষে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া বাতিল করে ওই নির্দেশ দেন। এ মামলায় আজ দুজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ৩ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।উল্লেখ্য, ওসি রফিক এ হত্যা মামলায় কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ভোগ করছেন। আদালতের আদেশের তথ্য গোপন করে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে ১২ জানুয়ারি আদালতে আবেদন করে।