ওসি সালাহউদ্দিনের নথি দুদকে নেই!
সম্প্রতি প্রত্যাহার হওয়া রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগসংক্রান্ত নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি আদালতে বিচারপ্রার্থী তরুণীর সঙ্গে অশালীন আচরণ, আইনজীবী ও সাংবাদিকদের প্রহারের ঘটনায় সালাহউদ্দিন খানকে প্রত্যাহার করা হয়। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে দুদুক প্রাথমিক অনুসন্ধান শেষে সালাহউদ্দিন খানসহ ১০ ওসিকে সম্পদ বিবরণীর হিসাব জমা দেওয়ার জন্য চিঠি পাঠায়। তিনি হিসাব জমা দিয়েছেন কি না বা তাঁর সম্পর্কে অনুসন্ধানের কোনো ধরনের অগ্রগতি রয়েছে কি না, সে বিষয়ে এখন দুদকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ২০১০ সালের সেপ্টেম্বরে দুদুকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সরকারি পর্যায়ের অভিযোগ’-এর ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে ওসি সালাহউদ্দিন খানের নামে শেয়ারবাজারে এক কোটি টাকার বেশি বিনিয়োগ এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে কয়েক কোটি টাকার সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। এ নিয়ে তখন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার বদিউজ্জামান বিভিন্ন বিভাগে খুঁজে নথিটি পাওয়া যাচ্ছে না স্বীকার করে প্রথম আলোকে বলেন, ওসি সালাহউদ্দিনের নথিপত্র দ্রুত খুঁজে বের করা হবে। একই তথ্য জানিয়েছেন কমিশনের অনুসন্ধান বিভাগের কর্মকর্তারা। পরিচয় গোপন রাখার শর্তে তাঁরা জানান, শুধু ওসি সালাহউদ্দিনের দুর্নীতিসংক্রান্ত নথি গায়েব হয়ে গেছে। একই সময়ে দারুস সালাম থানার ওসি মো. মোশতাক, কেরানীগঞ্জের সাবেক ওসি মুস্তাফিজুর রহমান, রমনা থানার ওসি শিবলী নোমানসহ ১০ ওসি ও ২৫ পুলিশ কর্মকর্তার সম্পদের হিসাব জমা দিতে চিঠি পাঠানো হয়েছিল। সবার নথি থাকলেও সালাহউদ্দিনের নথিটি পাওয়া যাচ্ছে না।