ওসি হেলালকে শনাক্ত করলেন কাদের
পুলিশের নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদেরের বক্তব্য নিয়েছে আইন মন্ত্রণালয়ের এক সদস্যের তদন্ত কমিটি। বক্তব্য নেওয়ার জন্য তাঁকে আজ সোমবার খিলগাঁও থানায় ডেকে পাঠানো হয়। সেখানে কাদের তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালকে শনাক্ত করেন।তদন্ত কমিটির প্রধান আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জন থানায় এসে কাদেরের কাছে ওই দিনের ঘটনা জানতে চান। একপর্যায়ে তিনি কাদেরকে নিয়ে জেলহাজত ও ওসির কক্ষ ঘুরে দেখেন। ওসির কক্ষে সাদা পোশাকে সাত-আটজনকে লাইনে দাঁড় করিয়ে ওই দিন কে তাঁর (কাদেরের) পায়ে চাপাতি দিয়ে কোপ দিয়েছিলেন, তা জানতে চান। এ সময় কাদের একজনের দিকে (ওসি হেলাল) আঙুল তুলে দেখান।আবুদল কাদের প্রথম আলোকে বলেন, ঘটনার পরের দিন সকাল নয়টার দিকে ওসি স্যার ডাকছেন বলে এক কনস্টেবল তাঁকে হাজত থেকে ওসির কক্ষে নিয়ে যান। সেখানে একজন তাঁর পায়ে চাপাতি দিয়ে কোপ দেন। তিনি অবশ্যই ওসি হেলাল।থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তদন্তের সময় ওসি হেলাল থানায় ছিলেন। তদন্ত শেষে হেলাল থানা থেকে বের হয়ে যান।আশীষ রঞ্জন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে সবার বক্তব্য নেওয়া হবে। আগামী বুধবারও তদন্ত কমিটি খিলগাঁও থানায় আসবে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।গত ১৫ জুলাই রাতে আবদুল কাদেরকে খিলগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর অন্য এক ব্যক্তিসহ তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুর থানায় আগের একটি গাড়ি ছিনতাই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২৮ জুলাই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তে আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট কাদেরকে বিএসএমএমইউতে সরকারি খরচে চিকিত্সার নির্দেশ দেন। এরপর ওই দিনই বিএসএমএমইউর প্রিজন সেলে কাদেরকে ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে প্রধান করে চার সদস্যের এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ৩ আগস্ট কাদের তাঁর বিরুদ্ধে করা তিনটি মামলায় জামিন পান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফিরে যান।এদিকে কাদেরকে নিরপরাধ মনে করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পায়নি তদন্তকারী সংস্থা। জানতে চাইলে তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো.মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাদেরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অবৈধ অস্ত্র আইন ও গাড়ি ছিনতাইয়ের দায়ের হওয়া তিনটি মামলার তদন্তে এখন পর্যন্ত তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। এসব মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে।এদিকে হাইকোর্টের নির্দেশে গঠিত পুলিশের তদন্ত কমিটিও তাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়নি।খিলগাঁও থানার সাবেক তিন পুলিশ কর্মকর্তা এই ঘটনার জন্য দায়ী। ডিবি পুলিশ ও তদন্ত কমিটির একাধিক সদস্য এসব তথ্য নিশ্চিত করেছে।