ওসি হেলালের জামিন নামঞ্জুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার তাঁর আইনজীবী ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। বিচারক শহীদুল ইসলাম সে আবেদন নামঞ্জুর করেন।গত ২ এপ্রিল ওসি হেলাল মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি কাদের এ মামলা করেন।গত ২৮ মার্চ ওসি হেলাল উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আর ৪ মার্চ ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে তা বিচারের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান।আবদুর কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র।মামলার এজাহারে কাদের উল্লেখ করেন, গত বছরের ১৫ জুলাই রাত দেড়টার দিকে ইস্কাটনে খালার বাসা থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফিরছিলেন তিনি। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে সাদা কয়েকজন পোশাকের পুলিশ হঠাত্ই তাঁকে লাঠি দিয়ে আঘাত করে। কাদের আঘাতের কারণ জানতে চেয়ে নিজের পরিচয় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পেয়ে পুলিশ সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পরের দিন সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও থানার তত্কালীন ওসি হেলালউদ্দিন তাঁকে হাজতখানা থেকে নিজের কক্ষে নেন। ওসি জোর করে কাদের যা করেননি, সেসব বিষয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। এ জন্য ওসি তাঁর পিঠে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে ওসি টেবিলে রাখা চাপাতি হাতে নিয়ে ‘দেখি তো চাপাতিতে ধার আছে কি না’ বলে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের পেশিতে কোপ মারেন। রক্তে ভিজে যায় কক্ষের মেঝে। পরে আরও কয়েকজন অপরাধীর সঙ্গে কাদেরকে দুটি মামলায় আসামি করেন ওসি (এই দুটি মামলার তদন্তেই কাদের নির্দোষ বলে প্রমাণিত হয়েছে)। এরপর কাদের উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত হয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে মামলা দায়েরের নির্দেশ দিলে কাদের মামলাটি করেন বলে এজাহারে উল্লেখ করেন।