ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলালউদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ আদেশ দেন।এদিকে ওই ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আজ আদালতে দাখিল করা হয়। কাদেরের ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রতিবেদনে হেলালউদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করা হয়েছে। কাদেরের বিরুদ্ধে করা দুটি মামলার বাদী উপপরিদর্শক আলম বাদশার বিরুদ্ধেও বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করেছে কমিটি। বলা হয়েছে, যে দুঃখজনক ও নির্মম ঘটনাগুলো ঘটেছে তা উপপরিদর্শক আলম বাদশা ও পরিদর্শক মো. হেলাল উদ্দিনের পেশাদারিত্ব এবং সংবেদনশীল মনোভাবের অভাবে সংঘটিত হয়েছে বলে তদন্ত কমিটি মনে করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, দুটি প্রতিবেদনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রতিবেদনে ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ জানুয়ারির মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ঘটনাপ্রবাহ: আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। গত ১৫ জুলাই রাতে কাদের রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন। ওই দিন গভীর রাতে আবদুল কাদেরকে খিলগাঁও থানার পুলিশ আটক করে। পরের দিন তাঁকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে গত ২৮ জুলাই হাইকোর্ট কাদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।একই সঙ্গে কাদেরকে নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়—এমন ব্যক্তি দিয়ে কমিটি গঠন করে প্রতিবেদন আদালতে দাখিল করতে আইনসচিবকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্তকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত রাখতেও বলা হয়। তিনজন সাময়িকভাবে বরখাস্ত আছেন। আদালতের নির্দেশনা অনুসারে গত ২৮ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। সর্বশেষ আজ রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।