ওসির অপসারণের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আজ বুধবার সকালে ধানমন্ডি থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা। কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, আজ দুপুর ১২টায় ধানমন্ডি থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন তাঁরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী তাঁরা থানার সামনে অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তাঁরা ওসি মনিরুজ্জামানের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা বক্তব্য দেন। সাংবাদিকেরা অভিযোগ করেন, ১১ মে সন্ধ্যায় ধানমন্ডি ২ নম্বর সড়কে বাসচাপায় নিহত হন ইনডিপেন্ডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক বিভাস চন্দ্র সাহা। এ ব্যাপারে কথা বলতে গেলে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেন। এ জন্য ওসির অপসারণসহ তিন দফা দাবি জানানো হয়।