ওসির কক্ষে সাংবাদিককে পেটাল সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আজ মঙ্গলবার একজন সাংবাদিককে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছু বিষয় নিয়ে কুষ্টিয়ার সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ মেহমুদকে কুষ্টিয়া মডেল থানায় ডেকে পাঠানো হয়।ওসি আনোয়ার হোসেনের কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের এনডিসি আরিফ-উজ-জামানের উপস্থিতিতে অপর পক্ষের একদল সন্ত্রাসী এসে সাজ্জাদ হোসেনকে মারধর করতে থাকে।সাজ্জাদ হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এ সময় সন্ত্রাসীদের থামানোর কোনো উদ্যোগই নেননি ওসি। তিনি পদক্ষেপ না নেওয়ায় তাঁর শাস্তির দাবি জানান। আরিফ-উজ-জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। তা ছাড়া এ দুই পক্ষ আজ পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। তাই প্রশাসন কুষ্টিয়া শহরে দুপুর থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।