ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই নারী ঘটনার বিচার চেয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ করেছে।অভিযোগপত্রে ওই নারী দাবি করেন, গত বছরের জানুয়ারি মাসে তিনি তালাকপ্রাপ্ত হন। দেনমোহর ও যৌতুকের টাকার জন্য আতাইকুলা থানায় তিনি একটি মামলা করেন। এ সময় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন বর্তমান চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম। মামলার সুবাদে ওসির সঙ্গে তিনি মাঝেমধ্যে দেখা করতেন। একপর্যায়ে ওসি হাবিবুল ইসলাম তাঁকে প্রেম নিবেদন করেন এবং বিয়ে করবেন বলে আশ্বাস দেন। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে ওসি মামলার বিষয়ে কথা বলার জন্য ওই নারীকে তাঁর বাসায় ডাকেন। তিনি বাসায় গেলে ওসি হাবিবুল ইসলাম ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্যও অনুরোধ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব শিগগিরই তাঁকে বিয়ে করবেন। এরপর দীর্ঘদিন বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে ওসি তাঁকে ফোন দিয়ে বিয়ে করবেন বলে আশ্বস্ত করতেন। একপর্যায়ে তিনি আতাইকুলা থানা থেকে চাটমোহর থানায় বদলি হয়ে যান। এরপর ২৭ সেপ্টেম্বর ওসি আবারও তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে চাটমোহর থানায় ডেকে নিয়ে দুই দফা ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ২৭ সেপ্টেম্বর ওই ওসির সঙ্গে তাঁর শেষ দেখা হয়। এরপর বিয়ের কথা বলায় ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশ দিয়ে তাঁকে হয়রানি করান এবং এলাকা ছাড়ার হুমকি দেন। তিনি বিষয়টি মৌখিকভাবে পাবনার পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার কোনো পদক্ষেপ না নিলে চলতি বছরের ৯ এপ্রিল তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ওসি তাঁর ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁকে বিভিন্ন হুমকি দিতে থাকে । ফলে তিনি এখন ঢাকায় পালিয়ে আছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলো ডটকমকে জানান, ওই নারীর অভিযোগের বিষয়টি তদন্ত হচ্ছে। আমাদের বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের তদন্ত কাজটি করছেন। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। সেখান থেকে কোনো ঝামেলা সৃষ্টি হওয়ায় তিনি এ অভিযোগ করেছেন।ওসি হাবিবুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা একটা সাজানো ঘটনা। আতাইকুলা এলাকাটি চরমপন্থী সন্ত্রাসী অধ্যুষিত এলাকা। সেখানে দায়িত্বরত থাকা অবস্থায় আমি চরমপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। তারই জের ধরে ওই নারী আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মিথ্যা নাটক সাজিয়ে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করছে।’