ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা বিষয়ে বিবেচনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ আদেশ দেন।ওই ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করা হয়। কাদেরের ওপর নির্যাতনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রতিবেদনে খিলগাঁও থানার সাবেক ওসি হেলালউদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করা হয়েছে। কাদেরের বিরুদ্ধে করা দুটি মামলার বাদী উপপরিদর্শক আলম বাদশার বিরুদ্ধেও বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করেছে কমিটি। বলা হয়েছে, যে দুঃখজনক/নির্মম ঘটনাগুলো ঘটেছে, তা উপপরিদর্শক আলম বাদশা ও পরিদর্শক মো. হেলালউদ্দিনের পেশাদারি এবং সংবেদনশীল মনোভাবের অভাবে সংঘটিত হয়েছে বলে তদন্ত কমিটি মনে করে।কাদেরের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়, খিলগাঁও থানায় করা দুটি মামলা ও তাঁকে মোহাম্মদপুর থানার যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তার কোনোটিতেই কাদেরের সম্পৃক্ততার কোনো প্রমাণ তদন্ত কমিটি পায়নি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, দুটি প্রতিবেদনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রতিবেদনে ওসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত। ৩০ জানুয়ারির মধ্যে এর অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।গত ১৫ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদের খালার বাসা ইস্কাটন গার্ডেন রোড থেকে হেঁটে আবাসিক হলে ফেরার সময় খিলগাঁও থানার পুলিশ তাঁকে আটক করে। কাদের জানিয়েছেন, পরিচয় দেওয়ার পরও তাঁকে থানায় নিয়ে পুলিশ চরম নির্যাতন করে। থানায় ওসি চাপাতি দিয়ে তাঁর পা কুপিয়ে জখম করে। পরদিন কাদেরকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে গত ২৮ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে আইনসচিবকে নির্দেশ দেন। পুলিশের মহাপরিদর্শককে বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন। তদন্তকালে খিলগাঁও থানার ওসি মো. হেলালউদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত রাখতেও বলা হয়। তিনজন এখন সাময়িকভাবে বরখাস্ত আছেন।গত ২৮ নভেম্বর আইন মন্ত্রণালয় এবং গতকাল পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। পুলিশের তদন্ত প্রতিবেদন: গতকাল দাখিল করা প্রতিবেদনে বলা হয়, এজাহারে উপপরিদর্শক আলম বাদশা ঘটনাস্থল দেখিয়েছেন খিলগাঁও থানা এলাকায়। আবার কাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার না করেও তাঁকে অস্ত্র মামলায় আসামি করা হয়। কাদেরকে গ্রেপ্তারের পর কাদেরের দেওয়া তথ্য এবং তাঁর পরিচিতি তাৎক্ষনিকভাবে যাচাই করলে ওই অনভিপ্রেত ঘটনার উদ্ভব হতো না। এটি না করে আলম বাদশা গাফিলতির পরিচয় দিয়েছেন। এই কাজ ও আচরণ নিঃসন্দেহে সজ্ঞানে, কারণ তিনি একজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা। এই আচরণে জনসাধারণের কাছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য সুপারিশ করছে কমিটি।সাবেক ওসি হেলালউদ্দিনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেওয়ার পর তাঁর উচিত ছিল পেশাদারির সঙ্গে কাদেরের কথার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া। তিনি তা না করে (সাক্ষীদের বক্তব্য অনুযায়ী) নির্মম ও চরম অপেশাদার আচরণ করেছেন। ... তিনি নিজের অফিস কক্ষে কথিত আসামি কাদেরের পায়ে চাপাতি দিয়ে আঘাত করেছেন (যদিও তিনি জবানবন্দিতে অস্বীকার করেন)। তাঁর এই নিষ্ঠুর আচরণ না হলে এই ঘটনা দেশব্যাপী তোলপাড় হতো না। এ জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিভাগীয় মামলা রুজুর জন্য কমিটি সুপারিশ করছে। সহকারী উপপরিদর্শক মো. শহিদুর রহমান ও কনস্টেবল আলীম উদ্দিন ও কামরুল হাসানকে ওই ঘটনায় অভিযুক্ত করার মতো কোনো কিছু তদন্তে পাওয়া যায়নি বলে তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।