ওসিসহ চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। কমিটি ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘দায়িত্বে গাফিলতি’র প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার হারুন-উর-রশিদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন।গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। প্রতিবেদন প্রসঙ্গে মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, প্রতিবেদনের সারসংক্ষেপ হলো, ‘দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি’। তারা মিলনকে রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করেনি। এ জন্য ওসি রফিক উল্লাহ, এসআই আকরাম শেখ ও দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। মাহবুব রশীদ আরও জানান, সোমবার কোম্পানীগঞ্জ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি রফিক উল্লাহকে গতকাল সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল দুপুরে বরখাস্তের আদেশ জেলায় পৌঁছেছে। এর আগে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন কোম্পানীগঞ্জে পৌঁছান। তিনি প্রথমে থানায় গিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর মিলনকে প্রথম যে স্থানে আটক করা হয় সেই চরকাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয়, যেখানে তাকে পিটিয়ে মারা হয়, সেই টেকেরহাট বাজারে গিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নিহত মিলনের বাড়িতে গিয়ে তার মায়ের বক্তব্য শোনেন। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ তাঁর সঙ্গে ছিলেন।জানতে চাইলে বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের গাড়ি থেকে যে মিলনকে নামিয়ে দেওয়া হয়েছিল তার সত্যতা পাওয়া গেছে।’ তিনি বলেন, চট্টগ্রাম ফিরে গিয়ে এ বিষয়ে পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে তিনিও ডিআইজির কাছে একটি প্রতিবেদন দাখিল করবেন।অভিযুক্ত পুলিশ সদস্যদের মিলন হত্যা মামলায় আসামি করা হবে কি না জানতে চাইলে বিশ্বাস আফজাল হোসেন বলেন, মিলনের মা যে মামলা করেছেন, সেটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ নিয়মানুযায়ী তদন্ত করবেন। এ ক্ষেত্রে কারা ওই মামলায় আসামি হবে তা একান্ত তদন্ত কর্মকর্তার বিষয়।মিলনের মা কহিনূর বেগম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বড় কর্মকর্তা বাড়িতে এসে ওই দিনের ঘটনা জানতে চেয়েছেন। আমি সব কিছু বলেছি। ছেলে হত্যার বিচার চেয়েছি। জবাবে তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন, যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকেরই সাজা হবে।’গতকালও অতিরিক্ত ডিআইজির ঘটনাস্থলগুলো পরিদর্শনের সময় কিছু চিহ্নিত যুবক মিলনকে ডাকাত হিসেবেই মারা হয়েছে বলে দাবি করেছে। জনগণ তাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে পিটুনি দিয়েছে বলে তারা দাবি করেছে। তাদের কেউ কেউ ঘটনা প্রকাশ করায় গণমাধ্যমকে দোষারোপও করেছে। স্থানীয় লোকজন জানান, উৎসাহী ওই যুবকদের বেশির ভাগই স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত।অতিরিক্ত ডিআইজির সঙ্গে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উৎসাহী কে কী বলল সেটি বড় কথা নয়, আসল কথা হলো ছেলেটিকে যখন পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছিল, তখন পুলিশের ভূমিকা কী ছিল? পুলিশ গাফিলতি করেছিল কি না? এ ক্ষেত্রে যে যাই বলুক তা তদন্তে কোনো প্রভাব ফেলবে না। মিলনের মায়ের মামলা: মিলনের মায়ের মামলায় আসামি করা হয়েছে চরকাঁকড়া গ্রামের নিজামউদ্দিন ওরফে মানিক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জামালউদ্দিনকে। পুলিশের কোনো সদস্যের নাম মামলার এজাহারে নেই। কিন্তু পুলিশের তদন্তে এবং ঘটনার সময় ধারণ করা ভিডিওচিত্রে পুলিশের সম্পৃক্ততা স্পষ্ট। এ বিষয়ে প্রশ্ন করলে ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, মিলনের মায়ের এজাহারে সরাসরি ওই দুজনের নাম ছাড়া কারও নাম উল্লেখ নেই। এর চেয়ে বেশি কিছু জানতে হলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।এ বিষয়ে পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত হয়েছে। তদন্তে দেখা গেছে, ঘটনার সময় পুলিশ কোনো দায়িত্ব পালন করেনি। তারা দায়িত্ব পালন করলে এভাবে তরুণের মৃত্যু হতো না। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন হত্যার অভিযোগ আনা হবে না জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘ফৌজদারি মামলার তদন্তের সময় অভিযোগ পাওয়া গেলে অবশ্যই এসব পুলিশ সদস্যের নাম হত্যা মামলায় আসামি হিসেবে যুক্ত করা হবে। কাউকে বাঁচানো কিংবা আড়াল করার কোনো চেষ্টা আমাদের নেই। তদন্ত কর্মকর্তা যদি তাঁর তদন্তে হত্যার ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের কোনোভাবে সম্পৃক্ততার প্রমাণ পান, অবশ্যই তাঁদের আসামি করবেন।’ মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, দায়িত্ব পেয়ে সোমবার রাতেই তিনি একাধিক স্থানে আসামি ধরার জন্য অভিযান চালিয়েছেন। কিন্তু কাউকে পাননি।পুলিশের কাউকে ওই মামলায় আসামি করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ফজলুল কাদের বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্তে যদি পুলিশের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী যা করার তাই করা হবে।’ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া বিভিন্নজনের নাম স্থানীয় লোকজনের মধ্যে আলোচিত হচ্ছে। লোকজন বলছে, ওই দিন তারা প্রকাশ্যে হত্যার উৎসবে মেতে উঠে ছিল। এ বিষয়ে ওসির দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রটিতেই আমরা যা কিছু দেখেছি। মূল ভিডিওচিত্রটি সংগ্রহের চেষ্টা করছি। হাতে এলে তা দেখে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।’